আজ থেকে গয়্যার চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে শুরু হচ্ছে বিশ্বখ্যাত স্পেনীয় শিল্পী ফ্রান্সিসকো গয়্যার (১৭৪৬-১৮২৮) নির্বাচিত ছাপচিত্র প্রদর্শনী। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, বাংলাদেশে স্পেনীয় দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি বিভাগের ইনডিটেক্স চেয়ার এই প্রদর্শনীর আয়োজন করেছে।আজ মঙ্গলবার সন্ধ্যায় দুই সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বিশেষ অতিথি থাকবেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত লুই তেখাদা শাকন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইনডিটেক্সের জেনারেল কাউন্সেল আন্তোনিও আবরিল ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের বক্তব্য দেবেন।গতকাল সোমবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে ফ্রান্সিসকো গয়্যার প্রদর্শনীর প্রেস প্রিভিউ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত লুই তেখাদা শাকন, রেয়াল অ্যাকাদেমিয়া দ্য বেইয়াজ আর্টেজ দ্য স্যান ফার্নান্দোর সদস্য হুয়ান বোরদেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি বিভাগের ইনডিটেক্স চেয়ারের কো-অর্ডিনেটর অ্যামপারো পোরতা, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৮৪টি। প্রদর্শনী চলবে ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।শিল্পকলায় হুমায়ূন আহমেদ চলচ্চিত্র প্রদর্শনীআজ মঙ্গলবার থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ও ব্যবস্থাপনায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হচ্ছে হুমায়ূন আহমেদ চলচ্চিত্র প্রদর্শনী। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে প্রতিদিন দুটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে। আজ সন্ধ্যা ছয়টায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হবে দুই দুয়ারী এবং রাত আটটায় আগুনের পরশমণি।জয়নুল গ্যালারিতে ‘রিকশা ভ্রমণ’দেশের ঐতিহ্যবাহী যান রিকশার পেছনে আঁকা ছবির একটা আলাদা কদর রয়েছে শিল্পরসিকদের কাছে। লোকজ শিল্পের একটা গুরুত্বপূর্ণ উপাদান মনে করা হয় একে। বর্ণময় এ চিত্রকলাকে এবার কাঠের ক্যানভাসে তুলে ধরলেন তরুণ শিল্পী এ বি এম রোকনুজ্জামান। কাঠখোদাই করে তৈরি তাঁর এ শিল্পকর্ম নিয়ে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রথম একক প্রদর্শনী ‘রিকশা ভ্রমণ’।দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২তে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন। শিল্পী রোকনুজ্জামান বগুড়া থেকে ঢাকায় আসেন উচ্চশিক্ষার জন্য। মহানগরের জীবন তাঁর চিন্তাজগতে সৃষ্টি করে নতুন দিগন্তের। শিল্পী বলেছেন, সে চেতনাকেই তিনি তুলে ধরেছেন। কাঠ ও স্ক্রিন প্রিন্টের মাধ্যমে তিনি তুলে ধরেছেন নগরজীবনের নানা অনুষঙ্গ। কাঠখোদাই রিকশাচিত্রে উঠে এসেছে মানুষ, উড়োজাহাজ, লঞ্চ, নৌকা, গাছ, ফুল, পাখি, নামকরা স্থাপনা, চলচ্চিত্রের তারকারাসহ নানা বিষয়। শিল্পী তুলে ধরেছেন ভবিষ্যতের রিকশাচিত্রের ছবিও। কাঠখোদাইয়ের পাশাপাশি আছে রিকশাচিত্রের ছাপচিত্র। সিরোগ্রাফ মাধ্যমে আঁকা এসব চিত্রকর্মেও উঠে এসেছে নগরজীবনের ছবি। এ ছাড়া প্রদর্শনীতে স্থান পেয়েছে কাঠখোদাইয়ের ১০টি মুখোশ। প্রদর্শনী চলবে ১০ অক্টোবর পর্যন্ত।