আজ থেকে চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব
ঢাকার চারুনীড়ম স্কুল অব অ্যাক্টিং তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘রবি-চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র উৎসব’। গত দুটি উৎসব চারুনীড়ম সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই আয়োজন করে। তবে এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছে রবি। উৎসবের এবারের স্লোগান—‘এক ঘণ্টার টেলিভিশন কাহিনিচিত্র বাঁচান, নিয়মিত হোক প্রচার ও মান’। কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে ছয় দিনব্যাপী এ উৎসব আজ বিকেল চারটায় উদ্বোধন করবেন ফেরদৌসী মজুমদার। চারুনীড়ম স্কুল অব অ্যাক্টিংয়ের পরিচালক গাজী রাকায়েত বলেন, ‘এক ঘণ্টার টেলিভিশন কাহিনিচিত্র আমাদের ঐতিহ্য। নানা কারণে এর নিয়মিত প্রচার কিছুটা মন্থর হয়ে গিয়েছিল। আমরা ২০০৯ সালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলন শুরু করি। এখন সব কটি টিভি চ্যানেলে প্রায় নিয়মিত এক ঘণ্টার কাহিনিচিত্র দেখানো হচ্ছে। এসব কাহিনিচিত্রের শিল্পমান যেন বজায় থাকে, তার ওপর এবার জোর দিচ্ছি।’৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা, সন্ধ্যা সোয়া ছয়টা, সাতটা ১০ ও সাতটা ৫৫ মিনিটে দেখানো হবে টেলিভিশন কাহিনিচিত্রগুলো। গত বছর বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো খুব ভালো এবং প্রশংসিত কাহিনিচিত্রগুলো দেখানো হবে এখানে।