আজ থেকে চিরকুটের 'যাদুর শহর'

তিন বছর পর বাজারে আসছে চিরকুট ব্যান্ডের নতুন অ্যালবাম। নাম ‘যাদুর শহর’। মোট ১২টি গান দিয়ে সাজানো হয়েছে চিরকুটের ‘যাদুর শহর’ অ্যালবামটি। এর মধ্যে ১০টি মৌলিক ও দুটি কাভার সং। অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি চিরকুটের দ্বিতীয় অ্যালবাম।
অ্যালবাম প্রসঙ্গে চিরকুট সদস্য শারমীন সুলতানা সুমী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি দিন। অনেক কষ্ট, ত্যাগ, ধৈর্য এবং কিছু আন্তর্জাতিক অর্জনের পর আনুষ্ঠানিকভাবে আজ আমাদের ব্যান্ড চিরকুটের নতুন গানের অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। আশা করছি, অ্যালবামের গানগুলো সবার ভালো লাগবে।’
অ্যালবামের নাম প্রসঙ্গে সুমী বলেন, ‘প্রথম দিকে অ্যালবামের নাম নিয়ে বেশ ভাবতে হয়েছে। পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের পছন্দ অনুযায়ী ও ব্যান্ডের সদস্যদের মতামতের ভিত্তিতে শেষ পর্যন্ত ‘‘যাদুর শহর’’ নামটাই চূড়ান্ত করা হয়েছে।’

অ্যালবামটির গান প্রসঙ্গে সুমী বলেন, ‘চিরকুট তাদের নিজস্ব স্টাইলের গানগুলোই করেছে। সবার কাছে আমাদের নতুন অ্যালবামের জন্য দোয়া চাইছি। পাশাপাশি সবার কাছে অনুরোধ, তাঁরা যেন অরিজিন্যাল সিডি কিনে অ্যালবামের গানগুলো শোনেন।’
দেশের বাইরেও গান নিয়ে গেছে চিরকুট। এর আগে তারা ভারত ও শ্রীলঙ্কা সফর করেছে। এবার গাইতে যাচ্ছে নরওয়েতে। কনসার্টগুলো অনুষ্ঠিত হবে নরওয়ের ছয়টি শহরে।
এ প্রসঙ্গে সুমী বলেন, ‘আমাদের নরওয়ে সফর শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর। ওই দিন আমরা গান করব অসলোতে। এরপর ৬ অক্টোবর পর্যন্ত বারগেন, মোল্ডে, ট্রনহেইম, লোফোটেন ও বোডো শহরে গান করব। কনসার্টে গান গাওয়ার পাশাপাশি আমরা কর্মশালায় অংশ নেব। বাংলাদেশের ব্যান্ডসংগীতের চর্চা নিয়ে কর্মশালায় কথা বলব। এ ছাড়া নরওয়ের জনপ্রিয় ব্যান্ড কাসা মুরিলোর সঙ্গে গান রেকর্ড করারও কথা আছে। পুরো ব্যাপারটি আমাদের জন্য খুবই আনন্দের।’
কবি হাসে টাকা ভাসে, গঙ্গা বুড়ির শহরে/ আসমান তুই কাঁদিস কেন অট্টালিকার পাহাড়ে/ মিছে হাসি মিছে কান্না, পথে পথের আড়ালে/ গ্রিন সিগন্যাল রেড ওয়াইন, দেয়ালে দেয়ালে/ এই শহর যাদুর শহর প্রাণের শহর ঢাকা রে’—জনপ্রিয় ব্যান্ড চিরকুটের এ গানটি চ্যানেল টোয়েন্টিফোরে ‘যাদুর শহর’ ধারাবাহিকেও ব্যবহূত হয়েছে।
চিরকুট ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশিত হয়েছিল তিন বছর আগে।