আজ থেকে ছায়ানটের শুদ্ধসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানট আবারও আয়োজন করেছে শুদ্ধসংগীত উৎসব। ছায়ানট সংস্কৃতি ভবনের মূল মিলনায়তনে আয়োজিত দুই দিনের এই উৎসব শুরু হচ্ছে আজ সন্ধ্যা ছয়টায়। কাল শুক্রবার উৎসবের বিভিন্ন পরিবেশনা শুরু হবে সকাল নয়টায়। দুপুরে ছয় ঘণ্টার বিরতি দিয়ে তা চলবে শনিবার ভোর পর্যন্ত। সংগীতপিপাসুদের শুদ্ধসংগীতের সঙ্গে পরিচয় নিবিড়তর করা এবং সংগীত শিক্ষার্থীদের সাধনা ও পরিবেশনে প্রাণিত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই উৎসব। ‘ছায়ানটের শুদ্ধসংগীত উৎসব’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এভাবেই জানানো হয়।

গত মঙ্গলবার সকালে ছায়ানট সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসব সম্পর্কে আলোকপাত করেন ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী। আরও উপস্থিত ছিলেন সংগীতবিদ্যায়তনের শুদ্ধসংগীত বিভাগের শিক্ষক রেজোয়ান আলী, অসিত দে ও স্বরূপ হোসেন। উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের ১৮ জন প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীর একক পরিবেশনা থাকবে। পরিবেশিত হবে কণ্ঠসংগীত, তবলা, সেতার, মোহনবীণা, বাঁশি ও বেহালাবাদন। সম্মেলক কণ্ঠসংগীত পরিবেশন করবেন ছায়ানট সংগীতবিদ্যায়তনের শিক্ষার্থীরা।

২০০৭ সাল থেকে ছায়ানট নিয়মিত শুদ্ধসংগীত উৎসবের আয়োজন করে আসছে। এবার ছায়ানটের এই উৎসবে সহযোগী হয়েছে গ্রামীণফোন।