আজ থেকে জাতীয় পথনাট্যোৎসব
১৯৮৫ সাল থেকে প্রতিবছরের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হচ্ছে জাতীয় পথনাট্যোৎসব। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজ বিকেল চারটায় উদ্বোধন করা হবে সপ্তাহব্যাপী এই উৎসব। প্রতিবারের মতো এবারও এই উৎসব আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। এবারের স্লোগান ‘বিজয়ের পতাকা নিয়ে দৃপ্ত পায়ে চলবে স্বদেশ প্রগতির পথে’। স্বাধীনতার ৪০ বছর আর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৩০ বছর পুর্তি এই উৎসবকে দিয়েছে অন্য মাত্রা। উৎসবের সদস্যসচিব চন্দন রেজা জানান, এবারের উৎসবে ঢাকার ২৫টি এবং ঢাকার বাইরের ১০টি নাট্যদল নাটক প্রদর্শন করবে। প্রতিদিন পাঁচটি নাটক প্রদর্শন করা হবে। জাতীয় পথ নাট্যোৎসবের আহ্বায়ক কেরামত মওলা বলেন, ‘পথনাটক মানুষের চেতনা ও মূল্যবোধ জাগ্রত করে। প্রতিবছর ফেব্রুয়ারি মাসেই আমরা পথনাটক উৎসবের আয়োজন করি। যেহেতু এখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিটি দেশের সবার মধ্যে কাজ করছে, তাই এই উৎসবের নাটকগুলোতেও এর প্রভাব পড়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আমাদের এই পথনাট্যোৎসব সে ক্ষেত্রে কিছুটা হলেও সবার বিবেককে জাগাতে সক্ষম হবে।’