আজ থেকে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব
বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজন করেছে ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’। পাঁচ দিনের এই উৎসব শুরু হচ্ছে আজ। ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসব শুরু হবে সন্ধ্যা সাতটায়। উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক তপন মাহমুদ জানান, উদ্বোধনী সংগীতে কণ্ঠ দেবেন ১৭৫ জন শিল্পী। এ ছাড়া পাঁচ দিনের এই আয়োজনে সংগীত পরিবেশন করবে দুই শতাধিক শিল্পী ও ১৫টি সংগঠন। দেশের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীরাও গান করবেন এখানে। থাকবে আবৃত্তিপাঠ ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। উদ্বোধনের পর প্রবীণ বেহালাশিল্পী সুবল দত্তকে সংবর্ধনা জানানো হবে। উৎসবের তিন দিন সংগীতানুষ্ঠানের আগে হবে রবীন্দ্রনাথের বিষয়ভিত্তিক আলোচনা।তিনি আরও জানান, উৎসবের শেষ দিন পঁচিশে বৈশাখ সকালে শিল্পী কলিম শরাফীর ৮৭তম জন্মদিন উদ্যাপন করা হবে। এরপর বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের পরিবেশনায় থাকবে নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। নৃত্য পরিচালনা করবেন কবিরুল ইসলাম। ওই দিন বিকেলে অনুষ্ঠান শুরু হবে সাড়ে পাঁচটায়। অন্য দিনগুলোতে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়, আর তা সবার জন্য থাকবে উন্মুক্ত। উৎসব আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।