আজ থেকে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ত্রিংশত্তম অধিবেশন শুরু হচ্ছে আজ শুক্রবার। কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আজ সকাল সাড়ে নয়টায় ‘জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন’ শিরোনামে তিন দিনের এই আয়োজন উদ্বোধন করবেন বিলকিস নাসিরউদ্দিন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন জানান, সকাল সাড়ে নয়টায় বোধনসংগীতের মধ্য দিয়ে শুরু হবে তিন দিনের অনুষ্ঠান। এবারের বোধনসংগীত রবীন্দ্রনাথের ‘চলো যাই চলো, যাই চলো’ গানটি। এরপর প্রদীপ জ্বালিয়ে উৎসব উদ্বোধন করা হবে। একই সঙ্গে ‘রবীন্দ্র-চিত্রকলার প্রতিলিপি’ উদ্বোধন করবেন কাইয়ুম চৌধুরী, ‘সংগীত সংস্কৃতি’ ও পোস্টার প্রদর্শনী উদ্বোধন করবেন সন্জীদা খাতুন। এবার ‘রবিরশ্মি’ বক্তৃতা দেবেন আহমদ রফিক ও হায়াৎ মামুদ। কাল শনিবার বিকেল চারটায় থাকছে সেমিনার। বিষয়: ‘রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীতে আমাদের দায়’। এবার গুণীজন সম্মাননা দেওয়া হবে ভাষাসৈনিক ইমদাদ হোসেনকে। প্রতিদিন গান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। গতকাল বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা। রোববার পর্যন্ত সংগীতের এই মিলনমেলায় দেশের শীর্ষপর্যায়ের দুই শতাধিক শিল্পী অংশ নেবেন। এ ছাড়া জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের দেশব্যাপী ৬৫টি শাখা থেকে আসবেন আরও তিন শতাধিক শিল্পী ও সংগঠনকর্মী। এবারের সম্মেলনের পৃষ্ঠপোষক রবি। পুরো আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।