আজ থেকে জাহিদের ‘টো টো কোম্পানি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুটিংয়ের ফাঁকে বাসায় দুপুরের খাবার খাচ্ছি। মা পাশে বসে খাবার এগিয়ে দিচ্ছেন। জিজ্ঞেস করলেন, “নাটকের নাম কী?” বললাম, টো টো কোম্পানি। তিনি একটু গম্ভীর হয়ে বললেন, “নিজে যা ছিলি, তা-ই নিয়ে নাটক বানাচ্ছিস?” সেদিন মায়ের কথা শুনে হেসেছিলাম।’ বললেন জাহিদ হাসান। সিরাজগঞ্জে নিজের বাড়িতে এবং শহরের বিভিন্ন এলাকায় জাহিদ তৈরি করছেন তাঁর নতুন ধারাবাহিক টো টো কোম্পানি। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। এটিএন বাংলায় আজ থেকে ১০৪ পর্বের এই ধারাবাহিকের প্রচার শুরু হচ্ছে। নাটকটি লিখেছেন আশরাফুল চন্চল। নাটকের নাম টো টো কোম্পানি কেন? জাহিদ হাসান বললেন, ‘নিজের মূল কাজ ফেলে যারা অন্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কিংবা অপ্রয়োজনীয় কাজের পেছনে ছোটে, তাদের নিয়ে আমার এই নাটকের গল্প। তাই নাম দিয়েছি টো টো কোম্পানি। তবে এই নাটকের গল্পের সঙ্গে আমার জীবনের কিন্তু কোনো সম্পর্ক নেই।’ জাহিদ এর আগে তাঁর হাতের রেখা কথা বলে ধারাবাহিকের কাজ করেছিলেন এই সিরাজগঞ্জ শহরেই। অভিনয়শিল্পীরা হলেন: জাহিদ হাসান, আজিজুল হাকিম, মীর সাব্বির, সিদ্দিকুর রহমান, মীম, গোলাম ফরিদা ছন্দা, অহনা, টয়া, দিহান প্রমুখ।