আজ থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এ উৎসব শুরু হবে। গতকাল বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি ছবি দেখার সুযোগ পাবেন সিনেমাপ্রেমীরা। জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ, আমেরিকান সেন্টার মিলনায়তন ও স্টার সিনেপ্লেক্সের পাঁচটি ভেন্যুতে চলবে এ উৎসব। সেখানে দর্শনীর বিনিময়ে সিনেমা উপভোগ করতে পারবেন সবাই।