আজ থেকে নজরুল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নজরুলের কাছে আমরা পাই প্রচলিত বাংলা গানের যাবতীয় বৈশিষ্ট্য। তাঁর ঐশ্বর্যমণ্ডিত সৃষ্টিতে অপার বৈচিত্র্য। বাঙালির কাব্যসাহিত্য প্রদীপ্ত হয়েছে সৃজনশীল এ প্রতিভার বিচিত্র শব্দচয়ন ও বিন্যাসে।’ নজরুল উৎসব উপলক্ষে আয়োজিত ছায়ানটের সংবাদ সম্মেলনে এ মন্তব্য করা হয়।

 দেশের স্বনামধন্য সংস্কৃতি প্রতিষ্ঠান ছায়ানট জন্মলগ্ন থেকে কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যুদিনে অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এ ধারাবাহিকতায় আজ শুক্র ও কাল শনিবার আয়োজন করা হবে দুই দিনের নজরুল উৎসব। উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরতে গতকাল বৃহস্পতিবার সকালে ছায়ানট সংস্কৃতি ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল, কার্যকরী সংসদ সদস্য শাহীন সামাদ, গ্রামীণফোনের মহাব্যবস্থাপক দেবাশীষ রায় এবং মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক এ এম আরিফুর রহমান।

উৎসবে সম্মেলক ও একক গান ছাড়াও থাকবে নৃত্য, পাঠ ও আবৃত্তি। এতে অংশ নেবেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রবীণ-নবীন শিল্পীরা। উৎসবের প্রথম দিন নজরুল স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক সনৎকুমার সাহা। দুদিনই আয়োজন শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। উৎসবে সহযোগী রয়েছে গ্রামীণফোন ও স্কয়ার গ্রুপ। মিডিয়া সহযোগী হিসেবে মাছরাঙা টেলিভিশন এ উৎসব ধারণ ও সম্প্রচার করবে।

কেউ ভোলে না কেউ ভোলে

বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের দর্শনীর বিনিময়ে নিয়মিত অনুষ্ঠানে আজ রয়েছে নজরুলসংগীত। ‘কেউ ভোলে না কেউ ভোলে’ নামের অনুষ্ঠানটি গ্রন্থনা ও সংগীত পরিচালনা করেছেন সুজিত মোস্তফা। কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবে নজরুলসংগীত শিল্পী পরিষদ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটির সহযোগী হিসেবে রয়েছে ‘প্রথম আলো’।

মা ও ছেলের শিল্পকর্ম প্রদর্শনী
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ শুক্রবার থেকে শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী এবং তাঁর ছেলে শিল্পী কারু তিতাসের ‘রৌদ্র ছায়া’ শীর্ষক ভাস্কর্য ও চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে।সন্ধ্যা ছয়টায় বেঙ্গল শিল্পালয়ে ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী এবং সংগীতশিল্পী ইফ্ফাত আরা দেওয়ান।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। সংবাদ সম্মেলনে শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী, কারু তিতাস এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।

প্রদর্শনীতে ফেরদৌসী প্রিয়ভাষিণীর ৯০টি এবং কারু তিতাসের ৩০টি, মোট সংখ্যা ১২০টি শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনী আগামী ৪ জুন পর্যন্ত চলবে।

শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী একজন মুক্তিযোদ্ধা। শিল্প ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি ২০১০ সালে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ লাভ করেন। এ পর্যন্ত তাঁর ১১টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। শিল্পী কারু তিতাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন।