আজ থেকে নৃত্যোৎসব
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী নৃত্যোৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার। সকাল ১০টায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ সন্জীদা খাতুন। উৎসব চলবে ২৪ জুন পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে ‘রবীন্দ্র নৃত্যভাবনা’ বিষয়ে প্রবন্ধ পড়বেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম, সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী এবং স্বাগত বক্তৃতা করবেন লায়লা হাসান। বেলা তিনটা থেকে একাডেমীর মহড়াকক্ষে হবে নৃত্যকর্মশালা।দ্বিতীয় দিন বেলা ১১টায় জাতীয় নাট্যশালায় হবে শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘রবীন্দ্রনাথ ও আধুনিক নৃত্য’ শীর্ষক নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা সাতটায় দীপা খন্দকারের পরিচালনায় ‘দুই পাখি’ কবিতা অবলম্বনে নৃত্যনাট্য।