আজ থেকে প্রামাণ্যচিত্র নিয়ে আয়োজন
বিশ্বখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতাদের কাছে হাতে-কলমে নির্মাণের কলাকৌশল শিখবেন ঢাকার নির্বাচিত তরুণ নির্মাতারা। আজ শুক্রবার রাজধানীতে শুরু হচ্ছে ছয় দিনের আন্তর্জাতিক কর্মশালা।
বাংলাদেশি চলচ্চিত্রকে বৈশ্বিক পরিচিতি দেওয়া ও নির্মাতাদের যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের কলাকৌশল শেখানো হবে এই কর্মশালায়। কর্মশালার আয়োজক স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতাদের নতুন সংগঠন ‘ঢাকা ইনডিপেনডেন্ট ফিল্ম নেটওয়ার্ক’।
শিল্পকলা একাডেমিতে আজ বিকেলে এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন ফিল্ম নেটওয়ার্কের চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ। উপস্থিত ছিলেন সংগঠনটির দুই পরিচালক গাউসুল আলম শাওন ও তারেক আহমেদ।
এতে জানানো হয়, বাংলাদেশের ছয়জন ও ভারতের সাতজন নির্মাতার নির্বাচিত প্রকল্প নিয়ে আলোচনা হবে। ১০ সেপ্টেম্বর থাকছে কোরীয় প্রামাণ্যচিত্র নির্মাতা কিম ডং ওনের ‘মাস্টারক্লাস’। অন্য শিক্ষকদের মধ্যে থাকছেন ডেনমার্কের চলচ্চিত্র নির্মাতা ক্যারোলিনা লিডিন, ভারতের নীলোত্পল মজুমদার, যুক্তরাষ্ট্রের অড্রিয়াস স্টোনিস, ইউরোপিয়ান ডকুমেন্টারি নেটওয়ার্কের পরিচালক পল পওয়েলস, পর্তুগালের পপ ফিল্মসের পরিচালক ও প্রযোজক গ্রাকা কাস্টানহেইরা এবং জাপানের রয়োতা কোতানি। আলোচক হিসেবে আরও থাকবেন সিলভিয়া বেডনার্জ, বোজানা ম্যারিক, ক্যামিলা নিয়েলসন, জেন রে এন রাশেদ চৌধুরী, আমান আশরাফ ফয়েজ, আবু শাহেদ ইমন ও তমাল চক্রবর্তী।
ঢাকা ডক ল্যাবে প্রতিদিনই প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র। উদ্বোধনী দিন ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় দেখানো হবে কামার আহমাদ সাইমন নির্মিত প্রামাণ্যচিত্র শুনতে কি পাও।
আয়োজনটি বাংলাদেশ সরকার ও বেঙ্গল ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত হবে। পাশাপাশি কসমস ফাউন্ডেশন ও ওরিয়েন্টাল সার্ভিসেস লিমিটেডও এই আয়োজনে সহযোগিতা করছে।