আজ থেকে ফরাসি ভাষার চলচ্চিত্র উৎসব
ফরাসি ভাষা ব্যবহার হয় এমন ছয়টি দেশ আয়োজন করেছে উৎসব ‘লা জার্নি ইন্টারন্যাশনাল ডি লা ফ্রাঙ্কোফনি’। ছয়টি দেশ হলো ফ্রান্স, কানাডা, মিসর, সুইজারল্যান্ড, ভিয়েতনাম ও মরক্কো। ২০ মার্চ থেকে শুরু হয়েছে এই উৎসব। আজ থেকে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। ইংরেজি অনুবাদসহ ফরাসি ভাষায় নির্মিত বিভিন্ন দেশের ১৭টি চলচ্চিত্র দেখানো হবে এতে। ফ্রাঙ্কোফনি নিয়ে কানাডার হাইকমিশনার ম্যাক ডুগাল বলেন, ‘বিশ্বে প্রায় ২০০ মিলিয়ন লোক ফরাসি ভাষা ব্যবহার করছে। বিশ্বজুড়ে ফরাসি ভাষা ব্যবহারকারী দেশগুলোর সংগঠন হলো ফ্রাঙ্কোফনি। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের বয়স এখন ৪০। ফরাসি ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে।’জানা গেছে, আলিয়ঁস ফ্রঁসেস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) চলচ্চিত্রগুলো দেখানো হবে। ফ্রাঙ্কোফনি উৎসবের চলচ্চিত্রগুলো দেখানো হবে ২৭ মার্চ পর্যন্ত। আর তা সবার জন্য উন্মুক্ত।