আজ থেকে বাংলা একাডেমীতে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমীর আয়োজনে তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হচ্ছে আজ রোববার।সকাল ১০টায় একাডেমীর সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী, স্বাগত বক্তব্য দেবেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও ধন্যবাদ জানাবেন সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনের ধারণাপত্র উপস্থাপন করবেন কবি মুহম্মদ নূরুল হুদা। শুরুতেই রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন শিল্পী পাপিয়া সারওয়ার ও হল্যান্ডের শিল্পী জন থর্প।সম্মেলন উপলক্ষে গতকাল শনিবার সকালে একাডেমীর সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক আবদুল হাই ও উপপরিচালক মুর্শিদ আনোয়ার।মহাপরিচালক জানান, প্রথম আন্তর্জাতিক সম্মেলন, প্রথম দুদিনের আলোচনা হবে ইংরেজিতে ও শেষ দিনে আলোচনা হবে বাংলায়। আমাদের দেশের সাহিত্যিক ও গবেষক ছাড়াও সেমিনারে যুক্তরাষ্ট্র, হল্যান্ড, জাপান, চীন, পাকিস্তান ও ভারতের গবেষকেরা অংশ নেবেন।সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরে মহাপরিচালক জানান, বর্তমান শতাব্দীতে এশিয়া বিশ্ব অর্থনীতিতে নতুন শক্তি হিসেব আত্মপ্রকাশ করতে যাচ্ছে। উদীয়মান এই অর্থনৈতিক শক্তি এ অঞ্চলের সাহিত্য-সংস্কৃতিতে কতটুকু প্রভাব ফেলছে, বিশ্বসাহিত্যের মানদণ্ডে এশিয়ার সাহিত্য কোন পর্যায়ে অবস্থান করছে, এর সঙ্গে আমাদের সাহিত্য-সংস্কৃতির অবস্থান কোথায়—এসব তুলনামূলক আলোচনার জন্যই এ সেমিনারের আয়োজন করা হয়েছে।