আজ থেকে বিজয় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম ‘বিজয় উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিনের এই উৎসব শুরু হচ্ছে আজ বিকেল চারটায়। শুক্রবার পর্যন্ত প্রতিদিনই অনুষ্ঠান শুরু হবে এই সময়। আর প্রতিদিন এখানে গান করবে ন্যূনতম ১৫টি সংগঠন। আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি তপন মাহমুদ বললেন, ‘বিজয় দিবস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে বিভিন্ন জোট এবং সংগঠন উৎসব ও অনুষ্ঠানের আয়োজন করে। কিন্তু শুধু গানের সংগঠনগুলোকে নিয়ে এর আগে এ ধরনের উৎসব আয়োজন সম্ভব হয়নি। আর মুক্তিযুদ্ধে গান ছিল প্রেরণার অন্যতম প্রধান উৎস। এই গান দিয়েই মুক্তিযোদ্ধাদের পাশাপাশি শরণার্থী এবং দেশের মানুষের মনে আত্মবিশ্বাস তৈরি সম্ভব হয়েছিল। এখনো অনেক যুদ্ধ বাকি আছে। আমরা মনে করি, সেখানেও গানই হবে অন্যতম হাতিয়ার। তাই আমরা গান নিয়ে বিজয় উৎসব করছি।’ এবারের উৎসবের স্লোগান ‘এ দেশ মানুষের, যুদ্ধাপরাধীর নয়’।