আজ থেকে বিজয়ের নাট্যোৎসব
স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘বিজয়ের নাট্যোৎসব’। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তিন দশক এবং ডেইলি স্টার পত্রিকার ২০ বছর পূর্তি উপলক্ষে যৌথভাবে এই নাট্যোৎসব আয়োজন করেছে। উৎসব কমিটির উপদেষ্টা ঝুনা চৌধুরী ও সদস্যসচিব আহমেদ গিয়াস জানান, আজ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। আরও থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ ও নাসির উদ্দীন ইউসুফ। উদ্বোধনের পর সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদলের নাটক এবং বিদ্যাসাগর।প্রতিদিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটারে নাটকের প্রদর্শনী হবে।জাতীয় নাট্যশালার উন্মুক্ত স্থানে থাকবে বাউল গানের আয়োজন।উৎসবে অংশ নিচ্ছে ঢাকার নাটকের ২১টি দল। এগুলোর মধ্যে রয়েছে থিয়েটার আরামবাগ, থিয়েটার বেইলি রোড, আরণ্যক নাট্যদল, ঢাকা থিয়েটার, নাগরিক নাট্যসম্প্রদায়, সুবচন নাট্য সংসদ, সময়, প্রাঙ্গণে মোর, লোকনাট্যদল (সিদ্ধেশ্বরী), লোকনাট্যদল (বনানী), নাট্যকেন্দ্র, নাট্যচক্র, থিয়েটার আর্ট ইউনিট, দেশ নাটক ও শব্দ নাট্যচর্চাকেন্দ্র।