আজ থেকে ভরতনাট্যম উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানটে আজ শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী ভরতনাট্যম উৎসব। এই উৎসবে যোগ দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে এসেছেন কর্ণাটকি সংগীতজ্ঞরা। ‘রঙ্গপ্রবেশ ২০১৫’ শিরোনামে উৎসবটির আয়োজন করেছে নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘কল্পতরু’।
কল্পতরুর আট শিক্ষার্থী এই উৎসবে প্রথমবারের মতো লাইভ মিউজিকের সঙ্গে নাচ পরিবেশন করবেন। এই শিক্ষার্থীরা হলেন: রানী মৃধা, শাম্মী আখতার, জুয়াইরিয়া মৌলি, আনিস্তা খান, শুদ্ধ এস দাস, তাহসিন সাবা, পারিসা ওমর ও অাভিয়া খান। এ ছাড়া দ্বিতীয় দিনে নৃত্যশিল্পী অর্থী আহমেদ নৃত্য পরিবেশন করবেন।
উৎসবে থাকবে ভারত থেকে আসা কর্ণাটকি সংগীতজ্ঞ সুকুমার জি কুট্টি (কণ্ঠ), শঙ্কর নারায়ণস্বামী (মৃদঙ্গ), এ সত্য বিশাল (বেহালা) ও রাজদ্বীপ বন্দ্যোপাধ্যায়ের (নাট্টুভঙ্গম) পরিবেশনা। প্রথম দিনে তাঁদের সঙ্গে নৃত্য পরিবেশন করবে নৃত্যদলটি।
দ্বিতীয় দিনে সংগীতজ্ঞরা পরিবেশন করবেন কর্ণাটকি সংগীত কাচেরি ও তিলানার সঙ্গেও থাকবে নাচ।
আট শিক্ষার্থীর নৃত্যগুরু অমিত চৌধুরীও পরিবেশনায় অংশ নেবেন। তিনি বলেন, এই শিক্ষার্থীদের প্রায় পাঁচ বছর ধরে গড়ে তোলা হয়েছে। ভরতনাট্যমের একটা শক্ত ভিত আছে তাঁদের। লাইভ মিউজিকের সঙ্গে নাচ পরিবেশন করা বেশ কঠিন। সেই চ্যালেঞ্জ নিয়েছেন তাঁরা। সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি শুরু হবে প্রতিদিন সন্ধ্যা সাতটায়।