আজ থেকে মাটির গান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না-ফেরার দেশে রব ফকির। তবে এ বছর মঞ্চে থাকবেন শফি মণ্ডল ও লাবিক কামাল গৌরব। ২০১৫ সালের লোকসংগীত উৎ​সবের ছবি
না-ফেরার দেশে রব ফকির। তবে এ বছর মঞ্চে থাকবেন শফি মণ্ডল ও লাবিক কামাল গৌরব। ২০১৫ সালের লোকসংগীত উৎ​সবের ছবি

আজ শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আজ থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শক উপভোগ করতে পারবে এ উৎসব। ঢাকা আর্মি স্টেডিয়াম এ কদিন মোহাবিষ্ট থাকবে লোকজ সুরে। বাংলাদেশের শিল্পী ছাড়াও এ উৎসবে অংশ নিতে আসছেন ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, স্পেন, কানাডার শিল্পীরা।

লোকসংগীত মানেই শিকড়ের গান। হাজার বছর ধরে লোকসংগীতের সুর আলোড়িত করে যাচ্ছে শ্রোতাদের প্রাণ।

গত বছর লোকসংগীত উৎসবে দেখা গিয়েছিল তারুণ্যের উচ্ছ্বাস। তরুণ-প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে এ উৎসব হয়ে উঠেছিল সংগীতের মিলনমেলা। নতুন প্রজন্ম এই উৎসবের সঙ্গে নিজেদের মিলিয়ে নিয়েছে। এ প্রজন্ম যে শিকড়ের সন্ধানে অলস নয়, তা-ও তাতে প্রমাণিত হয়েছিল। আন্তর্জাতিক লোক উৎসবের একটি বড় উদ্দেশ্যই ছিল তা। সান ইভেন্টসের আয়োজনে এই উৎসব এবারও নানা বয়সের দর্শক-শ্রোতাকে পাশে পাবে।

এবারের উৎসবে আমাদের মমতাজ, বারী সিদ্দিকী, টুনটুন বাউল, শফি মণ্ডল, আবদুর রহমান তো থাকছেনই, আরও থাকছেন ভারতের পবন দাস বাউল, কৈলাস খের, নুরান সিস্টার্স, পাকিস্তানের জাভেদ বশির, কানাডার প্রসাদ, স্পেনের কারেন লুগো অ্যান্ড রিকার্ডো মোরো, যুক্তরাজ্যের সুশীলা রহমান অ্যান্ড স্যাম মিলস প্রমুখ শিল্পী ও গানের দল।

উৎসবে উপস্থিত থাকার জন্য এরই মধ্যে বিনা মূল্যে অনলাইনে নিবন্ধন করেছেন লোকজন। যাঁরা নিবন্ধন করতে পারেননি, তাঁরা সরাসরি মাছরাঙা টেলিভিশনে দেখতে পারবেন পুরো অনুষ্ঠানটি। এ ছাড়া ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ ফ্যান পেজ ও ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।

ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের টাইটেল স্পনসর মেরিল। এ ছাড়া নানা দিক থেকে সহযোগিতা করছে জিপি মিউজিক, ঢাকা ব্যাংক, মাইক্রোসফট বাংলাদেশ, রাঁধুনী, বেঙ্গল ডিজিটাল, আমরা কোম্পানিজ, রেডিও দিনরাত, স্কয়ার হসপিটালস লিমিটেড, এইজিস সিকিউরিটি ফোর্স, দ্য ওয়েস্টিন ও সহজ ডটকম।

যাঁরা নিবন্ধন করেছেন, তাঁরা ভেন্যুতে প্রবেশের সময় ই-টিকিট দেখাবেন। অনুষ্ঠানে কোনো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। চাবি, মোবাইল ও ওয়ালেট রাখতে হবে পকেটে। পার্কিংয়ের ব্যবস্থা থাকবে না। একবার ভেন্যুতে প্রবেশ করে বের হলে দ্বিতীয়বার ঢোকা যাবে না। অনুষ্ঠান শেষে আর্মি স্টেডিয়াম থেকে নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য থাকবে বাসের ব্যবস্থা। বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে যাওয়া যাবে না। ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।

মঞ্চ মাতাবেন যাঁরা

আজ বৃহস্পতিবার

আবদুর রহমান বাউল (বাংলাদেশ)

টুনটুন বাউল (বাংলাদেশ)

সিমন থ্যাকার্স স্‌ভরা কান্তি (যুক্তরাজ্য)

রাজু দাস বাউল (ভারত) ফরিদা ইয়াসমীন (বাংলাদেশ)

জাভেদ বশির (পাকিস্তান)

মমতাজ বেগম (বাংলাদেশ)

আগামীকাল শুক্রবার

জালাল (বাংলাদেশ)

লতিফ সরকার (বাংলাদেশ)

প্রসাদ (কানাডা)

ইন্ডিয়ান ওশান (ভারত)

শফি মণ্ডল ও লাবিক কামাল গৌরব (বাংলাদেশ)

কারেন লুগো অ্যান্ড রিকার্ডো মোরো (স্পেন)

কৈলাস খের (ইন্ডিয়া)

আগামী শনিবার

সুনীল কর্মকার (বাংলাদেশ)

ইসলাম উদ্দিন কিসসাকার (বাংলাদেশ)

বারী সিদ্দিকী (বাংলাদেশ)

নুরান সিস্টার্স (ভারত)

তাপস অ্যান্ড ফ্রেন্ডস (বাংলাদেশ)

সুশীলা রামান অ্যান্ড স্যাম মিলস (যুক্তরাজ্য)

পবন দাস বাউল (ভারত)