আজ থেকে শাস্ত্রীয় সংগীত সম্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে ষষ্ঠ বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন। এবারের সম্মিলনকে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। শাস্ত্রীয় সংগীতের সঙ্গে সম্মিলিত করা হয়েছে লোকজ সংস্কৃতিকে। এ আয়োজন চলবে আগামীকাল পর্যন্ত।
আজ সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হবে ‘বঙ্গীয় ঐতিহ্য উৎসব বাহিরানা’ পর্ব। এতে থাকবে লাঠিখেলা, হাডুডু ও দাঁড়িয়াবান্ধা খেলার প্রতিযোগিতা। তা ছাড়া এবারের সম্মিলনে আয়োজন করা হয়েছে ঢাকবাদ্য প্রতিযোগিতা। বিক্রমপুর, ফরিদপুর ও মাদারীপুর থেকে বাছাই করা ১০ জন ঢাকশিল্পীকে নিয়ে এ প্রতিযোগিতা হবে। এ আয়োজনের বিষয়ে লক্ষ্যাপারের সমন্বয়ক অসিত কুমার বলেন, ‘এর আগে আমরা এ ধরনের ঢাকবাদ্য প্রতিযোগিতা হতে দেখিনি। তাই সম্মিলনের এ অংশটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আশা করছি, সম্মিলনে এ প্রতিযোগিতা ভিন্ন মাত্রা যোগ করবে।’
শাস্ত্রীয় সংগীতের সঙ্গে লোকজ সংস্কৃতির সম্মিলন প্রসঙ্গে লক্ষ্যাপারের প্রধান উপদেষ্টা কাসেম জামাল বলেন, ‘এ দেশের শাস্ত্রীয় সংগীতের মূলে কিন্তু রয়েছে লোকজ সংস্কৃতির ভিত। তাই সে বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হয়েছে আমাদের এবারের সম্মিলনে।’
প্রথম দিনের আয়োজনে আরও থাকবে গোলটেবিল বৈঠক ও ‘লক্ষ্যাপার পরম্পরা’র শিল্পীদের পরিবেশনা। এ দিনের উৎসবটি উৎসর্গ করা হবে পণ্ডিত রামকানাই দাশকে।
শাস্ত্রীয় সংগীত সম্মিলনের আগামীকালের আনুষ্ঠানিকতা শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে। চলবে রাতভর। শেষ দিনের উৎসব উৎসর্গ করা হবে ওস্তাদ আলাউদ্দিন খাঁকে।