বিশিষ্ট শিল্পী শিশির ভট্টাচার্য্যের একক শিল্পকর্মের প্রদর্শনী ‘দাগ-তামাশা’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে বিকেল সাড়ে পাঁচটায় ১০ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রবীণ শিল্পী মুর্তজা বশীর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পী রফিকুন নবী ও সম্মানিত অতিথি থাকবেন স্থপতি শামসুল ওয়ারেস। এটি শিল্পীর চতুর্থ একক প্রদর্শনী। এর আগে তাঁর তিনটি একক প্রদর্শনী হয়েছে এবং বহু যৌথ প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন। এ প্রদর্শনী চলবে ২৪ মার্চ পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।শিশির ভট্টাচার্য্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রণ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন। তিনি এ প্রতিষ্ঠান থেকেই বিএফএ এবং ভারতের বরদা বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ ডিগ্রি নিয়েছেন। শিক্ষকতা ও শিল্পচর্চার পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ঘটনা এবং সমাজবাস্তবতার নানা প্রেক্ষিত নিয়ে কার্টুন এঁকে তিনি খ্যাতি অর্জন করেছেন।সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতিমানবতাবিরোধী অপরাধের রায় নিয়ে যুদ্ধাপরাধী জামায়াত-শিবির দেশে যে সহিংস পরিস্থিতির সৃষ্টি করছে, তার বিরুদ্ধে গণজাগরণমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে গ্রুপ থিয়েটার ফেডারেশন। ‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’ নামের এ অনুষ্ঠান শুরু হবে আজ বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে। অনুষ্ঠানের প্রথম পর্বে যুদ্ধাপরাধীদের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তৃতা করবেন সাংস্কৃতিক নেতারা। পরে থাকবে নাটক, সংগীত ও আবৃত্তি।‘ত্রিংশ শতাব্দী’‘যুদ্ধাপরাধীর রক্ষা নাই’, যুদ্ধবাজের বিনাশ চাই’ প্রতিপাদ্য নিয়ে নাট্য সংগঠন স্বপ্নদল আজ বৃহস্পতিবার মঞ্চস্থ করছে যুদ্ধবিরোধী নাটক ত্রিংশ শতাব্দী। মহান স্বাধীনতার মাস উপলক্ষে তাদের কর্মসূচির অংশ হিসেবে স্বপ্নদল এ নাটকটি মঞ্চায়ন করছে।শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যা সাতটায় নাটকটি শুরু হবে। বাদল সরকারের কাহিনি অবলম্বনে ত্রিংশ শতাব্দীর রূপান্তর ও নির্দেশনায় জাহিদ রিপন। স্বপ্নদল নাটকটি প্রথম মঞ্চে এনেছিল ২০০২ সালে। আজ নাটকটির ৫৬তম মঞ্চায়ন হবে।