আজ থেকে শুরু হচ্ছে ‘কচি স্মারক পদাতিক নাট্যোৎসব’
পদাতিক নাট্য সংসদ প্রতিষ্ঠিত হয়েছে প্রায় ৩২ বছর। পদাতিকের এই দীর্ঘ পথচলায় যাঁদের অবদান স্মরণীয়, তাঁদের অন্যতম আবু মোহাম্মাদ মুরতাঈশ কচি। ২০০২ সালে মাত্র ৪৫ বছর বয়সে মারা যান তিনি। তাঁর স্মরণে পদাতিক আজ থেকে আয়োজন করছে ‘কচি স্মারক পদাতিক নাট্যোৎসব’। সপ্তাহব্যাপী এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন পদাতিক নাট্য সংসদের প্রধান নির্বাহী সেলিম শামসুল হুদা চৌধুরী।তিনি বলেন, ‘প্রয়াত নাট্যজন আবু মোহাম্মাদ মুরতাঈশ কচির স্মরণে ২০০৬ সালে “কচি স্মারক সম্মান” পদক প্রবর্তন করা হয়েছে। এ পর্যন্ত নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার, আতাউর রহমান ও আইনজ্ঞ এম জহিরকে এ সম্মান জানানো হয়েছে। এক বছর পরপর পদাতিকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। আজ থেকে শুরু হচ্ছে “কচি স্মারক পদাতিক নাট্যোৎসব”। আশা করছি, আগামী বছর থেকে নাট্যোৎসব ও “কচি স্মারক সম্মান” অনুষ্ঠান একই সঙ্গে আয়োজন করা হবে।’তিনি জানান, উৎসবে ভারতের পশ্চিম-বঙ্গের হ-য-ব-র-ল ও আগরতলার মহাকরণ বিনোদন সংস্থা অংশ নেবে।এ ছাড়া ঢাকার নাটকের দলগুলো হলো—সুবচন নাট্য সংসদ, দেশ নাটক, ঢাকা থিয়েটার, থিয়েটার (বেইলি রোড) ও পদাতিক নাট্য সংসদ।আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে মুক্তিযুদ্ধের ওপর তৈরি লাইট ও সাউন্ড শো।এটি পরিকল্পনা করেছেন নাসিরুল হক। নৃত্য পরিবেশন করবে তামান্না রহমানের পরিচালনায় নৃত্যম ও অনিক বসুর পরিচালনায় স্পন্দন।থাকছে পদাতিক নাট্য সংসদের নাটক জলবালিকা।