আজ থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ পথনাটক উৎসব’
স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজন করেছে সপ্তাহব্যাপী ‘বাংলাদেশ পথনাটক উৎসব’। আজ মঙ্গলবার থেকে প্রতিদিন বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চস্থ হবে উৎসবের নাটকগুলো। এবারের স্লোগান ‘মুক্তিযুদ্ধের পতাকা হাতে চলেছি মোরা গণতন্ত্রের পথে’। উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের ৫০টি নাটকের দল অংশ নিচ্ছে। ৭ মার্চ পর্যন্ত প্রতিদিন ছয়টি নাটকের প্রদর্শনী হবে। বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা বলেন, ‘আমরা ১০ বছর ধরে এই পথনাটক উৎসব আয়োজন করছি। বিচ্ছিন্নভাবে সারা দেশের পথনাটকের চর্চা হচ্ছে। কিন্তু সেগুলো দ্রুত হারিয়ে যাচ্ছে। আমরা এই উৎসবের মধ্য দিয়ে পথনাটকগুলোকে এক জায়গায় নিয়ে আসছি।’ মান্নান হীরা আরও বলেন, ‘উৎসবের বেশির ভাগ নাটকেরই ভাবনা ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সামরিক শাসন, নারী নির্যাতন, স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ। আমরা চাই, দর্শকেরা যেন এই সাত দিন কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের নাটকগুলো দেখতে আসেন।’ উৎসব উদ্বোধন হবে আজ বিকেল চারটায়। প্রথম দিন থাকছে আরণ্যক নাট্যদলের খেঁকশিয়াল, সুবচনের দি ম্যাডসহ আরও চারটি নাট্যদলের নাটক।