আজ থেকে শুরু ‘ভাঙ্গা-গড়া নাট্যোৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মঞ্চনাটকের সূতিকাগার হিসেবে পরিচিত মহিলা সমিতি মঞ্চ। এই মিলনায়তন ঘিরেই বাংলা নাটক এগিয়েছে। ১৯৭৩ সালে এখানেই দর্শনীর বিনিময়ে প্রথম নাটক মঞ্চস্থ হয়। নাটকটি ছিল নাগরিক নাট্যসম্প্রদায়ের বাকি ইতিহাস। সময়ের পরিবর্তনে মিলনায়তনটি পুরোনো হয়েছে। জাতীয় নাট্যশালার আধুনিক মিলনায়তন হওয়ার কারণে মহিলা সমিতি মঞ্চে নাটক মঞ্চায়নে ভাটা পড়েছে। বাংলা নাটকের ইতিহাসের সাক্ষী মহিলা সমিতির পুরোনো ভবন ভেঙে এখানে আধুনিক একটা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে মহিলা সমিতি পরিষদ। এদিকে ভেঙে ফেলার আগেই বাংলার নাট্যভূমি খ্যাত মিলনায়তনটিকে স্মৃতিতে ধরে রাখার জন্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এই মিলনায়তনে ‘ভাঙ্গা-গড়া নাট্যোৎসব’ শিরোনামে পাঁচ দিনের নাট্যোৎসব হাতে নিয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এই উৎসব শুরু হবে, চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবে বাংলাদেশের প্রথম সারির ৫০টি নাটকের দল অংশ নিচ্ছে। ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক চন্দন রেজা জানান, ১৯৭৩ থেকে ২০০০ সাল পর্যন্ত যেসব নাটক মহিলা সমিতিতে মঞ্চায়ন হয়েছে, সেসব পুরোনো নাটক থেকে উৎসবে নাটক মঞ্চায়ন হবে। প্রতিদিন এখানে ১০টি করে নাটকের দল নাটক পরিবেশন করবে। নাটকগুলোর স্থায়িত্বকাল হবে ২০ মিনিটের। তিনি বলেন, বাংলা নাটকের ইতিহাসের সাক্ষী মহিলা সমিতি ভাঙার আগে মিলনায়তনটিতে উৎসবের মধ্য দিয়ে একটা ভিডিও তথ্যচিত্র তৈরি করা হবে।উৎসবের উদ্বোধনীতে নাগরিক নাট্যসম্প্রদায় নূরলদীনের সারা জীবন নাটকটি মঞ্চায়ন হবে।বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহকারী মহাসচিব আকতারুজ্জামান বলেন, ‘ইতিমধ্যে মহিলা সমিতির পেছনের অংশ ভাঙা শুরু হয়ে গেছে। মূল মিলনায়তনটি ভাঙার আগেই এই উৎসব হবে। বাংলার নাট্যভূমি হিসেবে পরিচিত মহিলা সমিতি ভেঙে ফেলা উপলক্ষে ফেডারেশন পাঁচ দিনের উৎসব উদ্যাপন করতে যাচ্ছে। এই উৎসবের নাটকগুলো নিয়ে মহিলা সমিতি মঞ্চের স্মৃতি হিসেবে একটা তথ্যচিত্র তৈরি করা হবে। উৎসবটি আরও ভালো করে উদ্যাপন করার ইচ্ছা ছিল। কিন্তু রোজা এবং কম সময় পাওয়ার কারণে উদ্যাপনটি ছোট আকারে হচ্ছে।’মহিলা সমিতির ভবনটি ভেঙে অষ্টম তলাবিশিষ্ট একটি ভবন হবে। সেখানে নাটকের দুটি মিলনায়তনও থাকবে। একটি ৩০০ আসনবিশিষ্ট, অন্যটি ২০০ আসনের।