আজ থেকে সিটি অব রিদম

প্রতিদিনই বদলে যাচ্ছে এই ঢাকা শহরের দৃশ্যপট। শহরের আয়তন বাড়ছে। পুরোনো ঘরবাড়ি ভেঙে সেখানে নির্মিত হচ্ছে বহুতল ভবন। বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রাও। শহরের এই ক্রমবিবর্তন ও শহরবাসীর জীবনযাত্রা নিয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত কাজ করছেন শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়েই তাঁর সাম্প্রতিক কাজ নিয়ে ‘সিটি অব রিদম’ নামের প্রদর্শনী শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। এটি শিল্পীর ২৮তম একক প্রদর্শনী।
প্রদর্শনীটি হচ্ছে যৌথ আয়োজনে। গুলশান ২ নম্বর সার্কেলের ৩৬ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভসের গ্যালারিতে প্রদর্শনীটি হচ্ছে শিল্পাঙ্গন গ্যালারির সঙ্গে যৌথভাবে। উদ্বোধনী অনুষ্ঠান বিকেল পাঁচটায়। প্রদর্শনী চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদর্শনীর প্রেস প্রিভিউর আয়োজন করা হয়। এতে শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদ জানান, এবারের প্রদর্শনীতে ৩৮টি শিল্পকর্ম রয়েছে। সবগুলোই অ্যাক্রিলিকের। দ্রুত নির্মাণ কর্মকাণ্ডে ঐতিহ্যবাহী এই শহরের দৃশ্যপটের যে পরিবর্তন ঘটছে। রূপান্তরিত হচ্ছে। মানুষে মানুষের বিচ্ছিন্নতাও বাড়ছে। এই বিষয়গুলো নানা প্রতীক ও চিত্রকল্পের মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন। পাখির চোখে দেখা শহরের চিত্র রচনা করেছেন তিনি। প্রাধান্য পেয়েছে পুরান ঢাকার দৃশ্যগুলো। শিল্পী নিজেও পুরান ঢাকার আদি বাসিন্দা। বুড়িগঙ্গা নদীর পাড়ের দোকানপাট, ঘরবাড়ি, প্রাচীন মসজিদ, ইমারত, সরু গলির পাশের দরদালানের ভেতর দিয়ে মাথা তোলা নারিকেল গাছ, বিমূর্ত রীতিতে তিনি তুলে ধরেছেন। কাগজের পাশাপাশি এবার বাঁশের চাটাইয়ের ওপরে মোটা করে রং আর কাঠের গুঁড়া ব্যবহার করে নতুন ধরনের কিছু নিরীক্ষাধর্মী কাজ করেছেন তিনি।
শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদ গত বছর ঢাকায় অনুষ্ঠিত পঞ্চদশ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’, ত্রয়োদশ এশীয় চারুকলা প্রদর্শনীতে সম্মানসূচক পদকসহ দেশে-বিদেশে বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন। বর্তমানে তিনি স্বাধীনভাবে শিল্পচর্চা করছেন।