আজ থেকে সোনারগাঁয়ে লোকজ উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজ শুক্রবার শুরু হচ্ছে মাসব্যাপী ‘লোক কারুশিল্প মেলা ও লোকজ উত্সব-২০১৪’। বেলা ১১টায় লোকজ উত্সবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মেলা শেষ হবে আগামী ১৪ মার্চ।
বাংলাদেশের পল্লি অঞ্চলের ৪৪ জন কারুশিল্পী এ মেলায় অংশ নিচ্ছেন। তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে ২০টি স্টল। মোট স্টলের সংখ্যা ১৮৪। থাকছে ঝিনাইদহ ও মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের নকশি পাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি-ঘোড়া-পুতুল ও কাঠের কারুশিল্প, নকশি কাঁথা, নকশি হাতপাখা, সিলেটের শীতল পাটি, ধামরাইয়ের তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙামাটি ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটাশিল্প, টাঙ্গাইলের বাঁশের কারুশিল্প প্রভৃতি।
মাসব্যাপী এ মেলায় বাউল, পালা, কবি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি, হাছন রাজার গান, লালনগীতি ছাড়াও গ্রামীণ খেলাসহ বিভিন্ন ধরনের বিষয় প্রদর্শন করা হবে। এ ছাড়া বিভিন্ন বিষয়ে আটটি সেমিনার অনুষ্ঠিত হবে।