আজ থেকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

‘১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব, ঢাকা–২০১৬’ আজ শুরু হচ্ছে। বিভিন্ন দেশের সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে এই আয়োজনে। আজ শনিবার বিকেল চারটায় জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে আয়োজন করা হয়েছে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। এ ছাড়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিত থাকবেন বলে জানান আয়োজকেরা। উৎসব চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
এবারের উৎসবের ভেন্যু নির্ধারণ করা হয়েছে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন, সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তন, বিশ্বসাহিত্য কেন্দ্রে। ১০৯টি দেশের ৫৫০টি চলচ্চিত্র দেখানো হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। এ ছাড়া থাকছে চলচ্চিত্রবিষয়ক বেশ কয়েকটি সেমিনার।
এবারের ১৪তম আসরের উৎসব কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ। উৎসবের পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানী।