আজ থেকে ‘আবদুল্লাহ আল-মামুন জন্মোৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আবদুল্লাহ আল-মামুনের জন্মবার্ষিকী। এ উপলক্ষে থিয়েটার (বেইলি রোড) তিন দিনের ‘আবদুল্লাহ আল-মামুন জন্মোৎসব’ আয়োজন করেছে। জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে জন্মোৎসবের উদ্বোধন করা হবে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায়। উদ্বোধনী পর্বে ‘আবদুল্লাহ আল-মামুন স্মারক বক্তৃতা’ দেবেন শিল্পসমালোচক ও পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। একই মিলনায়তনে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে থিয়েটারের নাটক মেরাজ ফকিরের মা। থিয়েটার সূত্রে জানা গেছে, কাল ১৪ জুলাই থিয়েটারের বারামখানা নাটকটি মঞ্চস্থ হবে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এবং শেষ দিন ১৫ জুলাই জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে থিয়েটারের নাটক মুক্তি। থিয়েটারের প্রধান রামেন্দু মজুমদার বললেন, ‘মামুন সেই কলেজজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে সক্রিয় ছিল। প্রায় ৫৩ বছরের এই চর্চায় অনেক মঞ্চসফল নাটক দর্শকদের সে উপহার দিয়ে গেছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এই উৎসবের আয়োজন করেছি। গত বছরের তুলনায় এবারের উৎসবের পরিধি ছোট। তবে ভবিষ্যতে আবারও বড় আয়োজনের মধ্য দিয়ে তার জন্মদিন উদ্যাপনের ইচ্ছা আমাদের আছে।’এদিকে আবদুল্লাহ আল-মামুনের জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যা ছয়টায় চ্যানেল আই প্রচার করবে অনুষ্ঠান ‘ফিরে ফিরে দেখি তাঁরে’। এখানে থাকবে তাঁর জীবন ও শিল্প নিয়ে স্মৃতিচারণা এবং তথ্যচিত্র। উপস্থাপনা করবেন রামেন্দু মজুমদার। আলোচনায় অংশ নেবেন আতাউর রহমান, কেরামত মওলা ও আফরোজা বানু। অনুষ্ঠানটি পরিচালনা করবেন রাজু আলীম।