আজ থেকে ‘জাতীয় আবৃত্তি উৎসব’
‘জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে...’ স্লোগান নিয়ে আজ রোববার শুরু হচ্ছে সপ্তাহব্যাপী জাতীয় আবৃত্তি উৎসব। আয়োজন করেছে আবৃত্তি সমন্বয় পরিষদ। ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় উৎসব উদ্বোধন করা হবে আজ সন্ধ্যা সাতটায়। উদ্বোধনী অনুষ্ঠানে আবৃত্তি করবেন দেশবরেণ্য ১৫ জন আবৃত্তিশিল্পী। আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামুল্লাহ বলেন, ‘মাত্র ১৪টি সংগঠন নিয়ে যাত্রা শুরু করেছিল আবৃত্তি সমন্বয় পরিষদ। আজ এর সদস্য ১৭৫টি সংগঠন। এবারের উৎসবটি একটু বড় আকারে আয়োজন করা হচ্ছে।’আহকামুল্লাহ জানান, কাল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘পাঠ্যক্রম ও গণমাধ্যমে আবৃত্তি’ শীর্ষক আলোচনা। সেমিনারের মূল প্রবন্ধ লিখেছেন আনিসুজ্জামান ও সৈয়দ শামসুল হক। উৎসবটি চলবে ২ জুলাই পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় থাকবে বিভিন্ন আবৃত্তিশিল্পী ও সংগঠনের পরিবেশনা। আহকামুল্লাহ আরও জানান, ২৪ জুন থেকে আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজন করেছে ‘সৃজন ছন্দে জাগো আনন্দে’ স্লোগান নিয়ে চার দিনব্যাপী ‘জাতীয় আবৃত্তি কর্মশালা’। এ কর্মশালায় অংশ নিচ্ছেন আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত ১৬৮টি সগংঠনের প্রতিনিধিরা। ১৫টি বিষয়ের ওপর তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে।