
স্থপতি কাশেফ মাহবুব চৌধুরীর স্থাপত্যশৈলী বাংলাদেশের প্রকৃতি, পরিবেশকে আত্মস্থ করে হয়ে উঠেছে আধুনিক। সে কারণেই তাঁর স্থাপত্যকর্মগুলো বিশ্বের নজর কেড়েছে। বেঙ্গল ফাউন্ডেশন তাদের গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে আয়োজন করেছে এই স্থপতির একক স্থাপত্যকর্মের প্রদর্শনী। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় কাশেফ মাহবুব চৌধুরীর ‘ধীর জন্মেই জীবন’ শীর্ষক মাসব্যাপী স্থাপত্যশিল্প প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। বিশেষ অতিথি থাকবেন স্থপতি শামসুল ওয়ারেস। প্রদর্শনীতে নয়টি স্থাপত্য নকশা ও সাতটি মডেল প্রদর্শিত হবে।
প্রদর্শনী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেঙ্গল আর্ট লাউঞ্জে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউয়ের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কাশেফ মাহবুব চৌধুরী, স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, ব্যবস্থাপক সারোয়ার জাহান ও আর্ট লাউঞ্জের ব্যবস্থাপক ক্যাটরিনা ডন। কাশেফ মাহবুব চৌধুরী বলেন, বাংলাদেশে এ ধরনের মডেলের প্রদর্শনীর আয়োজন খুব কম হয়। দর্শকদের কাছে এটি আকর্ষণ সৃষ্টি করবে। জালাল আহমেদ বলেন, বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশকে অবলম্বন করে কাশেফের স্থাপত্যশৈলীর দর্শন গড়ে উঠেছে। বাংলাদেশের স্থাপত্যকলায় সে মাত্র দুই দশকেই নিজের স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছে।
কাশেফ মাহবুব চৌধুরী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে স্থাপত্য বিষয়ে ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে তিনি সিডনির
‘গ্লেন মারকাট মাস্টারক্লাস’-এ অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি স্বাধীনভাবে স্থাপত্যচর্চা করছেন এবং নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক হিসেবে কাজ করছেন।