আজ থেকে ‘পৌষ ফাগুনের পালা’
ষাটের দশক। শহরের উপকণ্ঠে একটি গ্রাম। স্বামীহারা রাসমণি তিন মেয়েকে নিয়ে জীবনযুদ্ধে কোনোমতে টিকে আছেন। সেই পরিবার আর তার চারপাশের মানুষগুলোকে প্রতিমুহূর্তে মুখোমুখি হতে হয় জীবনের নানা বাঁকে। আনন্দ, বেদনা ও সুখের পাশাপাশি সেখানে আছে হাস্যরস। এমনই এক গল্প নিয়ে গড়ে উঠেছে পৌষ ফাগুনের পালা নাটকের গল্প। গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস কলকাতার কাছেই, উপকণ্ঠে ও পৌষ ফাগুনের পালা থেকে তৈরি হলো ধারাবাহিক নাটক পৌষ ফাগুনের পালা।নাটকটি পরিচালনা করেছেন আফসানা মিমি। চিত্রনাট্য করেছেন ইরাজ আহমেদ ও মনসুর আহমেদ। এটিএন বাংলায় আজ থেকে দেখানো হবে নাটকটি। এ উপলক্ষে গত রোববার স্টার সিনেপ্লেক্সে নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আফসানা মিমি বলেন, ‘নাটকে কাজ করতে গেলে বাজেট সমস্যাসহ নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। সেসব থেকে বের হয়ে এসে আমরা একটা ভালো কাজ করতে চেয়েছি। ষাটের দশককে তুলে আনা কঠিন ব্যাপার ছিল। তবে আমরা পুরো দল তা যথাযথভাবে করতে সাধ্যমতো চেষ্টা করেছি।’ এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বললেন, ‘এর আগে আফসানা মিমির ডলস হাউস নাটকটি অনেক জনপ্রিয় হয়েছে। আশা করছি, পৌষ ফাগুনের পালা তার চেয়েও জনপ্রিয় হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান।নাটকটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, হুমায়ুন ফরীদি, রাইসুল ইসলাম আসাদ, কেয়া চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, শর্মিলী আহমেদ, জ্যোৎস্না বিশ্বাস, মাসুদ আলী খান, আফরোজা বানু, ত্রপা মজুমদার, ইন্তেখাব দিনার, সানজিদা প্রীতি, সোহানা সাবা, সাজু খাদেম, দিলীপ চক্রবর্তী প্রমুখ।