আজ থেকে ‘ফিফটি-ফিফটি’
হাউসফুল-এর পর নতুন ধারাবাহিক নাটক ফিফটি-ফিফটি তৈরি করেছেন ইফতেখার ফাহমি। নাটকটি রচনাও করেছেন তিনি। জানা গেছে, আজ থেকে নাটকটির প্রচার শুরু হচ্ছে বাংলাভিশনে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়।নিজের নতুন ধারাবাহিক নিয়ে ফাহমি বললেন, ‘সাদা চোখের দেখায় টিভি নাটক কিংবা চলচ্চিত্রের মানুষজনকে অনেক সময় অন্য রকম মনে হতে পারে। কিন্তু তাঁদের জীবনও অন্য সবার মতোই। নাটকের ভেতর ও বাইরের মানুষজনের জীবনের মিল-অমিল নিয়ে আমার এই ধারাবাহিক নাটকের গল্প।’তিনি জানান, পাশাপাশি দুটো বাসা। এক পাশে থাকে শুটিং ইউনিট, অন্য পাশে একটি পরিবার। পাশের বাসার মানুষজনের সঙ্গে শুটিং ইউনিটের কর্মীদের সম্পর্ক এবং প্রতিদিনের বিচিত্র ঘটনা নিয়েই ফিফটি-ফিফটির গল্প।ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, তাজিন, অপর্ণা, শখ, চাষী, সাজু মুনতাসির, সিদ্দিকুর রহমান, জিল্লুর রহমান, তনু প্রমুখ।