আজ দুরবিনের মিলনমেলা
দুরবিন ব্যান্ডের আজ জন্মদিন। এরই মধ্যে পেরিয়ে গেছে ১০ বছর। ১১ বছরে পদার্পণ উপলক্ষে আজ ধানমন্ডির রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দুরবিনের ভাষায়, মিলনমেলা। এই অনুষ্ঠানে ব্যান্ডের নতুন-পুরোনো সব সদস্যকেই আমন্ত্রণ জানানো হয়েছে।
দুরবিনের দলনেতা ও ভোকাল শহীদ বলেন, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে দুরবিন ১১ বছরে পদার্পণ করছে। এটা খুব আনন্দের বিষয়। সব সময় চেষ্টা করেছি শ্রোতাদের ভালো গান উপহার দিতে। সামনের দিনগুলোতেও তা অব্যাহত থাকবে।’
জন্মদিনের অনুষ্ঠান প্রসঙ্গে শহীদ বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বড় কোনো অনুষ্ঠান করতে পারছি না। শুধু পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মিলনমেলার আয়োজন করেছি।’
এদিকে শহীদ দেশের ৭১টি ব্যান্ডের গান নিয়ে একটি অ্যালবাম তৈরির কাজ শুরু করেছেন। আজকের অনুষ্ঠানে এই অ্যালবাম নিয়েও থাকবে আলোচনা। আর গান তো থাকবেই।
এরই মধ্যে দুরবিনের তিনটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামগুলো হলো—দুরবিন (২০০৬), দুরবিন ২.০১ (২০০৮) ও দুরবিন ৩.০১ (২০১১)। এখন চলছে নতুন অ্যালবামের কাজ। শহীদ বলেন, ‘সামনের বছর ভালোবাসা দিবসে অ্যালবামটি শ্রোতাদের হাতে দেওয়ার পরিকল্পনা আছে। আমরা এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একটি গান করছি।’ দুরবিন ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন শহীদ, আইয়ুব, শাওন, রাফি, ফাহাদ, শিশির ও হূদয়।