আজ পদ্মহেম ধামের 'সাধু সঙ্গ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মহেম ধামের ‘সাধু সঙ্গ’। ফাইল ছবি
পদ্মহেম ধামের ‘সাধু সঙ্গ’। ফাইল ছবি

লালন সাঁই স্মরণে আজ আয়োজন করা হয়েছে পদ্মহেম ধামের ‘সাধু সঙ্গ’। প্রতিবছর দুই দিনব্যাপী এ সাধু সঙ্গ হলেও এবার দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা হবে এক দিন। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, আজ সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সাধু সঙ্গ অনুষ্ঠিত হবে। বিজয়ের মাস উপলক্ষে সাধু গুরুরা সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সাধু সঙ্গ শুরু করবেন।

মুন্সিগঞ্জে সিরাজদিখান উপজেলার টেকেরহাটে এবারের সাধু সঙ্গে উপস্থিত থাকবেন দরবেশ নহির শাহ, শামসুল ফকির, বুড়ি ফকিরনি, হূদয় সাঁই, রব ফকির, টুনটুন বাউল, রাজ্জাক বাউল, আরিফ বাউল, তকবির বাউল, গোলাপি বাউল, পরাণ বাউল প্রমুখ।

পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেন বলেন, ‘আমরা দুই দিনব্যাপী সাধু সঙ্গ করার খুব চেষ্টা করেছিলাম। এ কারণে কয়েকবার তারিখও পরিবর্তন করেছি। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে এবার সাধু সঙ্গ করছি এক দিন। আগামী বছর থেকে আশা করি আবার দুই দিনব্যাপী সাধু সঙ্গের আয়োজন করতে পারব।’
পদ্মহেম ধামের উদ্যোগে ২০০৫ সাল থেকে এ সাধু সঙ্গ অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে প্রতিবছর দেশ-বিদেশের সাধু গুরুরা অংশ নেন। তাঁরা লালন-ভক্তদের লালনের দর্শন, পদ ও বাণী পরিবেশন করেন।