আজ পুতুলনাট্যের দিন
বিশ্ব পুতুলনাট্য দিবস আজ। তাই আজ দিনভর বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে থাকছে পুতুলনাট্য নিয়ে নানা আয়োজন। থাকছে আনন্দ শোভাযাত্রা, উন্মুক্ত পাপেট প্রদর্শনী, পুতুলনাট্য পরিবেশনা ও সম্মাননা প্রদান। পাশাপাশি আজ বিশেষ ও সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে উন্মুক্ত পাপেট নির্মাণ কর্মশালারও আয়োজন করা হয়েছে। গুণী পুতুলনাট্যশিল্পী সম্মাননা ২০১৫ দেওয়া হচ্ছে দিনাজপুরের পুতুলনাট্যশিল্পী মণি দত্ত অধিকারীকে।
বেলা তিনটায় থাকছে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (সপ্তম তলা) গোলটেবিল আলোচনা। বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র চত্বরে ‘জল পাপেট’-এর সহযোগিতায় শিশু-কিশোরদের নিয়ে বসবে পাপেট নির্মাণ কর্মশালা ও প্রদর্শনী। বিকেল সাড়ে পাঁচটায় বের হবে শোভাযাত্রা। সন্ধ্যা ছয়টায় থাকবে ‘উন্মুক্ত পাপেট প্রদর্শনী’। এরপর আলোচনা ও সম্মাননা প্রদান। সব শেষে থাকবে দিনাজপুরের সমন্বয় পুতুল নাট্যদলের পরিবেশনায় শিল্পী মণি দত্ত অধিকারীর পরিচালনায় পুতুলনাট্য গুনাই বিবি।