আজ প্রকাশিত হচ্ছে শাকিলার ‘লাবণ্যে পূর্ণ প্রাণ’
গুলশানের দ্য গ্যালারিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শাকিলা জাফরের রবীন্দ্রসংগীতের একক অ্যালবাম ‘লাবণ্যে পূর্ণ প্রাণ’-এর মোড়ক খোলা হবে। মোড়ক উন্মোচন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। সেখানে আরও উপস্থিত থাকবেন শিল্পী শাকিলা জাফরের মামা রবীন্দ্রসংগীতশিল্পী মনজুর আহমেদসহ আরও অনেকে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর শিল্পী অ্যালবামের গানগুলো গেয়ে শোনাবেন।লাবণ্যে পূর্ণ প্রাণ অ্যালবামটি শাকিলা জাফরের রবীন্দ্রসংগীতের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম। এ সম্পর্কে তিনি বলেন, ‘এর মাধ্যমে আমার মনের একটা ইচ্ছে পূরণ হয়েছে। রবীন্দ্রনাথের প্রেম, পূজা, প্রকৃতিবিষয়ক গানগুলোই অ্যালবামে প্রাধান্য পেয়েছে। এখানে মোট গান রয়েছে ১০টি। অ্যালবামের সবগুলো গান আমার জন্য নতুন। স্বরলিপি দেখে প্রতিটি গান করতে হয়েছে। অ্যালবামটি করতে গিয়ে রবীন্দ্রনাথের নতুন আরও অনেক গানের সঙ্গে পরিচিত হয়েছি। এ জন্য বেশ আনন্দ হচ্ছে। তবে আরও ভালো লাগছে কাকতালীয়ভাবে হলেও অ্যালবামটি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উদযাপনের বছরেই প্রকাশিত হয়েছে।’অ্যালবামে মোট গান রয়েছে ১০টি। গানগুলো হচ্ছে, ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ এসো হে’, ‘না বুঝে কারে তুমি ভাসালে’, ‘একটুকু ছোঁয়া লাগে’, ‘তুমি রবে নীরবে’, ‘শিউলি ফুল’, ‘কোন সে ঝড়ের ভুল’, ‘জোনাকি কী সুখে ওই ডানা দুটি’, ‘আমার মন কেমন করে’, ‘আমি কান পেতে রই’ এবং ‘ওগো আমার অচেনা পরদেশি’।অ্যালবামের সার্বিক তত্ত্বাবধানে ছিল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড কালচার (আইএসি)। আর সর্বাত্মক সহযোগিতায় (গান নির্বাচন, সংগীতায়োজন) করেছেন রবীন্দ্রসংগীতশিল্পী চঞ্চল খান।অ্যালবামটি বাজারে আনছে জি-সিরিজ।