আজ ফয়'স লেকে মাদকবিরোধী কনসার্ট

আজ দুপুরে ‘বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট’ হবে চট্টগ্রামের ফয়’স লেকে। এই কনসার্টে গান গাইবেন এস আই টুটুল ও তাঁর ব্যান্ড ধ্রুবতারা, আসিফ আকবর, ন্যান্সি, চিরকুট, রিংকু ও ইমরান। থাকবেন অপি করিম ও কুসুম শিকদার। তাঁদের সঙ্গে আরও অনেকে। গানের ফাঁকে ফাঁকে মাদককে ‘না’ বলার জন্য সবাইকে আহ্বান জানাবেন তাঁরা।
কথা ছিল, এই কনসার্টে গান গাইবে মাইলস। তাই বিলবোর্ড, পোস্টার আর পত্রিকার বিজ্ঞাপনে মাইলসের ছবিও দেওয়া হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে মাইলসের সদস্য হামিন আহমেদ জানান, ব্যান্ডের ড্রামার তূর্য অসুস্থ, তাই এই কনসার্টে মাইলস অংশ নিতে পারছে না। এর জন্য সবার কাছে তাঁরা দুঃখ প্রকাশ করেন।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, আজ পার্কের দর্শনার্থীরা বিনা খরচে কনসার্টটি উপভোগ করতে পারবেন।
বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট-এর মিডিয়া পার্টনার চ্যানেল আই ও এবিসি রেডিও, সহযোগিতায় কনকর্ড ও বন্ধুসভা।