আজ বকুলতলায় সঞ্জীব উৎসব
প্রয়াত কণ্ঠশিল্পী, কবি ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ৪৯ তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সঞ্জীব উৎসবের আয়োজন করেছে ব্যান্ড দলছুট। এ নিয়ে তৃতীয়বারের অনুষ্ঠিত হতে যাচ্ছে সঞ্জীব উৎসব। বিকেল চারটা থেকে থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে রাত আটটা পর্যন্ত। উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে।দলছুট-প্রধান বাপ্পা মজুমদার বলেন, ২০১০ সালের ২৫ ডিসেম্বর দলছুটের নতুন অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’-এর মোড়ক উন্মোচনের মাধ্যমে শুরু হয়েছিল এ উৎসবের। এবার তৃতীয়বারের মতো পালন করব এ উৎসব। সামনের দিনগুলোতেও সঞ্জীব উৎসব অব্যাহত থাকবে।’জানা গেছে, চারুকলার বকুলতলায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগের অধ্যাপক গীতি আরা নাছরিন। এ ছাড়া চারুকলা অনুষদের ডিনসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন।বাপ্পা আরও জানান, উত্সবে দলছুটের পাশাপাশি সংগীত পরিবেশন করবে ব্রাদারহুড (জয়, পারভেজ), অরণ্য, শহরতলি, অন্যস্বর, দৃক ও পরিধি ব্যান্ড।’এবারের উৎসবেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন ছাত্রকে ২৫ হাজার টাকা সঞ্জীব বৃত্তি প্রদান করা হবে বলেও জানান বাপ্পা। ১৯৬৩ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার,সংগীতশিল্পী, লেখক, সাংবাদিক ও সফল সংগঠক। তবে গানের মানুষ হিসেবেই সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন তিনি। ১৯৯৫ সালে বাপ্পা মজুমদারকে নিয়ে গড়েছিলেন গানের দল দলছুট। দলছুটের হয়ে অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। দলছুটের প্রথম অ্যালবাম ‘আহ’ প্রকাশিত হয় ১৯৯৭ সালে। তরুণ শ্রোতাদের কাছে এই অ্যালবামের গ্রহণযোগ্যতার সুবাদে একে একে বাপ্পা ও সঞ্জীবের যৌথ প্রচেষ্টায় প্রকাশিত হয় দলছুটের ‘হূদয়পুর’ এবং ‘আকাশ চুরি’ অ্যালবাম। ২০০৭ সালে দলছুটের সর্বশেষ অ্যালবাম ‘জোছনাবিহার’ প্রকাশিত হয়। দলছুটের বাইরে সঞ্জীব চৌধুরীর ‘স্বপ্নবাজ’ নামের একটি একক অ্যালবামও প্রকাশিত হয়েছে। এই সবক’টি অ্যালবামেই সঞ্জীব চৌধুরীর অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। পাশাপাশি অসাধারণ গান লেখার কারণে অনেকেরই আদর্শেও পরিণত হয়েছিলেন সঞ্জীব চৌধুরী। তাঁর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে গাড়ি চলে না, তোমার বাড়ির রঙের মেলায়, আমি তোমাকেই বলে দেবো, আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ, কার ছবি নেই, আমার স্বপ্নেরই কথা বলতে চাই, চোখটা এত পোড়ায় কেন, ভাঁজ খোলো, ধরি মাছ না ছুঁই পানি, এই কান্না ভেজা আকাশ উল্লেখযোগ্য। সঞ্জীব চৌধুরী ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে ফিচার সম্পাদক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন ভোরের কাগজে, সর্বশেষ দৈনিক যায়যায়দিনের ফিচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সঞ্জীব চৌধুরী। বাংলা একাডেমী সঞ্জীব চৌধুরীর লেখা ‘রাশপ্রিন্ট’ নামক গল্পগ্রন্থকে আশির দশকের সেরা গল্পগ্রন্থ হিসেবেও নির্বাচিত করেছিল। ২০০৭ সালের ১৯শে নভেম্বর অকালে না ফেরার দেশে চলে যান সঞ্জীব চৌধুরী।