আজ বটতলার ‘খনা’
আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার শতবর্ষ ছিল গতকাল সোমবার। এ উপলক্ষে নাটকের দল বটতলা আজ মঞ্চে আনছে নতুন নাটক খনা। এর নাট্যকার সামিনা লুত্ফা নিত্রা জানিয়েছেন, আজ সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। খনা বটতলার তৃতীয় প্রযোজনা। নাটকটির নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।খনা নাটকের গল্প প্রসঙ্গে নিত্রা জানান, পুরো নাটকটিই খনাকে নিয়ে। খনা ছিলেন রাজপরিবারের সদস্য। তিনি ছিলেন জ্ঞানী। বিদূষী নারী হিসেবে তাঁকে গণ্য করা হয়। রাজপরিবারের সদস্য হলেও তিনি সহজেই সাধারণের সঙ্গে মিশে গিয়েছিলেন। কৃষিকাজ সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলেন। তাঁর শ্বশুর পুরো ব্যাপারটি সহজভাবে মেনে নিতে পারেননি। খনার প্রতি ছিল তাঁর ঈর্ষা। মানসিকভাবে তাঁদের দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বই একসময় প্রকট আকার ধারণ করে। খনার জিহ্বা কাটার জন্য স্বামীকে আদেশ দেন তাঁর শ্বশুর। নিত্রা বলেন, ‘নাটকে খনার জিহ্বা কাটার অংশটি দেখানো হয়নি। কারণ, এটা তো সবারই জানা। তবে আমাদের নাটকে রাজপরিবারের চেয়ে জনপদকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কথা আর ভূমিকাকে তুলে ধরেছি।’ ১৮ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির পরবর্তী প্রদর্শনী হবে।