আজ ববিতার জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ববিতার জন্মদিন। জানতে চাওয়া হলো, কততম? ববিতা বললেন, ‘এটা বলতে চাই না। আমি তো নিজেকে মনের দিক থেকে এখনো একজন তরুণী বলেই মনে করি।’জন্মদিনে ববিতার বাসায় অনুষ্ঠান হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এবার ব্যতিক্রম। কারণ, ছেলে অনীক ও ছোট বোন চম্পা দেশের বাইরে। তাই এবার কোনো অনুষ্ঠান নয়।দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন ববিতা। চলচ্চিত্রে তাঁর শুরুটা হয়েছিল গত শতকের ষাটের দশকের শেষ দিকে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পপি (ববিতার ডাক নাম) সংসার ছবিতে রাজ্জাক ও সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন। ছবির নির্মাতা ছিলেন জহির রায়হান। ছবিটি মুক্তি পায়নি। জহির রায়হান ববিতাকে নিয়ে জ্বলতে সুরুজ কা নিচে নামে একটি উর্দু ছবির কাজ শুরু করেন। মাঝপথে থেমে যায় ছবিটির কাজ। এরপর জহির রায়হান রাজ্জাক ও ববিতাকে নিয়ে তৈরি করেন চলচ্চিত্র শেষ পর্যন্ত। আর এটিই ছিল ববিতার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।ববিতা এখন ডিসিআই নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নের জন্য কাজ করছে সংগঠনটি।