আজ বরিশালে শুরু হচ্ছে ‘মেয়র নাট্যোৎসব’
‘বান এসেছে মরা গাঙ্গে খুলতে হবে নাও’ স্লোগান নিয়ে আজ শুরু হচ্ছে ‘মেয়র নাট্যোৎসব’। জানা গেছে, আজ সকালে উৎসব উদ্বোধন করবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন। প্রধান অতিথি থাকবেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। উদ্বোধন শেষে থাকছে নাট্যকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা ও আনন্দমেলা।উৎসবের আহ্বায়ক সৈয়দ দুলাল বললেন, ‘নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সহায়তা করার মূল দায়িত্ব স্থানীয় সরকারের। বরিশালে মেয়রের পৃষ্ঠপোষকতায় এই উৎসব আয়োজনের মধ্য দিয়ে আমাদের নাট্যচর্চায় নতুন মাত্রা যোগ হচ্ছে। আমরা আশা করছি, এখন থেকে সব বিভাগে নিয়মিত এই উৎসবের আয়োজন করা হবে।’তিনি জানান, এই উৎসবে ঢাকাসহ দেশের ১২টি নাট্যদল অংশ নেবে। বরিশাল অশ্বিনী কুমার হল ও শব্দাবলী স্টুডিও থিয়েটারে প্রতিদিন একাধিক নাটক প্রদর্শিত হবে। ২৫ ডিসেম্বর সকালে শব্দাবলী স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নারী নাট্যকর্মী সম্মিলন। ২৭ ডিসেম্বর উৎসবের সমাপনী উপলক্ষে আয়োজন করা হয়েছে থিয়েটারবিষয়ক আড্ডা। রাতভর এই আড্ডায় অংশ নেবেন নাট্যকার, নির্দেশক, শিল্পী ও কলাকুশলীরা।