আজ বর্ষা উৎসব
আজ পয়লা আষাঢ়। বর্ষার প্রথম দিন। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন আয়োজন করেছে ‘বর্ষা উৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে দিনব্যাপী বর্ষা উৎসব আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানে থাকবে বর্ষার গান, পঞ্চকবির গান, নাচ ও আবৃত্তি। এই আয়োজনের পৃষ্ঠপোষক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা বলেন, ‘এ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি এবং বাঙালির জীবনের সঙ্গে বর্ষার আন্তরিক যোগসূত্রের কথা বাংলালিংক ভালোভাবেই উপলব্ধি করে। এ কারণেই তৃতীয়বারের মতো জমকালো এই আনন্দ আয়োজনের বর্ষা উৎসবের পৃষ্ঠপোষকতা করছি আমরা।’সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী বললেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে বর্ষা উৎসব শুরু হবে সকাল সাড়ে সাতটায়। অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে। দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল চারটায়। চলবে রাত পর্যন্ত। দ্বিতীয় পর্বটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি।’বর্ষা ঋতুকে বরণ করে নিতে প্রতি বছরের মতো এবারও বর্ষা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের লিচুতলায় সকাল সাতটায় উৎসব শুরু হবে উচ্চাঙ্গসংগীতের মধ্য দিয়ে। অনুষ্ঠানে থাকবে একক ও দলীয় গান, আবৃত্তি ও নাচ। অনুষ্ঠান চলবে সকাল ১০টা পর্যন্ত।