আজ বাংলাদেশ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা তো সারা বছর দেশের নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকি। আর আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সবার জন্য এক বিরাট শক্তি। আমরা আজ দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক সমন্বিত প্রদর্শনীর উদ্যোগ নিয়েছি।’ বললেন বাংলালিংকের জনসংযোগ ও যোগাযোগ বিভাগের প্রধান শারফুদ্দিন আহমেদ চৌধুরী। এবারই প্রথম ঢাকায় আয়োজন করা হয়েছে ‘বাংলালিংক বাংলাদেশ উৎসব’। এই উৎসবের সহযোগী প্রথম আলো। মিডিয়া পার্টনার এনটিভি ও রেডিও টুডে।শাহবাগের রমনা পার্কে এ উৎসব শুরু হবে সকাল ১০টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। আয়োজক সূত্রে জানা গেছে, রমনা পার্কে তৈরি করা হয়েছে পাঁচটি মঞ্চ। কিংবদন্তির মঞ্চে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতা, কাজী নজরুল ইসলামের গান ও কবিতা, লালনের গান এবং চিত্রশিল্পী এস এম সুলতানের স্মরণে চিত্রাঙ্কন। লোকগানের রাজ্যে হবে গম্ভীরা, ভাওয়াইয়া, হাসন রাজা ও শাহ আবদুল করিমের গান। ঐতিহ্যের খেলাঘরে হবে নৌকাবাইচ, জব্বারের বলীখেলা, গরুর গাড়ি, ঢেঁকি, কামার-কুমারপাড়ার জীবনচিত্র ও জামদানি বুননের প্রদর্শনী। গ্রামবাংলার মেলায় থাকছে নাগরদোলা, পুতুলনাচ, বইপাড়া, মুড়ি-মুড়কি, পিঠাঘর, ঢোলবাজনা, জাদু ও সার্কাস। সন্ধ্যার পর উৎসবমঞ্চে হবে কনসার্ট। কনসার্টে গান করবেন সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোর, ফাতেমা-তুজ-জোহরা, সাদি মহম্মদ, বারী সিদ্দিকী, মিলন মাহমুদ ও পারভেজ। আর ব্যান্ডগুলো হলো: মাকসুদ ও ঢাকা, দলছুট এবং লালন। আয়োজনটি উপস্থাপনা করবেন আব্দুন নূর তুষার।‘বাংলালিংক বাংলাদেশ উৎসব’ সবার জন্য উন্মুক্ত। আর এনটিভি উৎসবস্থল থেকে পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে।