
বলা যেতে পারে, কান উৎসবে আজ বাংলাদেশের দিন। বিশ্ব চলচ্চিত্রের মিলনমেলায় একই দিনে আমাদের দু-দুটো ছবির প্রদর্শনী। হোক না সেটা উৎসবের বাণিজ্যিক শাখায়। বাংলাদেশের সিনেমা নিয়ে যাঁরা ভাবেন, তাঁরা একটুখানি নড়েচড়ে বসতেই পারেন। আজ কাছাকাছি সময়ে কান উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শে দু ফিল্মে প্রদর্শিত হবে অমিতাভ রেজার আয়নাবাজি ও তৌকীর আহমেদের অজ্ঞাতনামা। প্রথম দিন থেকেই উৎসবে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের নির্মাতা অমিতাভ রেজা। বিশ্ব চলচ্চিত্রের এই মহা আসরে আসার অনুভূতি কী?
অমিতাভ রেজা বলছিলেন, ‘কান উৎসব একই সঙ্গে দুনিয়ার অন্যতম বৃহৎ সিনেমা বাজারও। এখানে বাংলা সিনেমার বাজার পাওয়া কঠিন। তারপরও কিছু সেলস এজেন্ট আর প্রযোজক আয়নাবাজি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। আশা করছি প্রদর্শনী দেখার পর আরও কেউ কেউ আগ্রহী হবেন। আমার প্রযোজক বন্ধু গাউসুল আলম আর জিয়াউদ্দিন আদিল আমার সঙ্গে উৎসবে যোগ দিয়েছেন।’
কান উৎসবে ব্যস্ত সময় কাটাচ্ছেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। ‘সিনেমার কী অসাধারণ উদ্যাপন!’ কান উৎসবের অভিজ্ঞতা সম্পর্কে তৌকীর লিখেছেন তাঁর ফেসবুকের পাতায়। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনয়শিল্পী জুটিকে এখন নিয়মিতই দেখা যাচ্ছে পালে দো ফাস্তিভালে সারা বিশ্বের নির্মাতা-প্রযোজক-পরিবেশকদের আড্ডায়। মার্শে দু ফিল্মে ইমপ্রেস টেলিফিল্মের অজ্ঞাতনামা ছবির বড়সড় পোস্টার শুরু থেকেই নজর কেড়েছে দর্শকদের। আজ অজ্ঞাতনামা ছবির প্রদর্শনীতে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
এলেন জিম জারমুশ: নিউ জার্সির এক বাসচালকের গল্প নিয়ে জিম জারমুশের ছবি প্যাটারসন। মুক্ত ছবির দুনিয়ার এই মার্কিন মহারথী কাল যোগ দিয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। এ ছাড়াও মাঝরাতের বিশেষ প্রদর্শনীতেও আছে জিম জারমুশের একটি ছবি। দুটো ছবি নিয়ে এসেছেন। তাঁকে ঘিরে আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। প্যাটারসন ছাড়াও উৎসবের প্রথম প্রদর্শনীতে প্রশংসা পেয়েছে জেফ নিকলসের প্রতিযোগিতা বিভাগের ছবি লাভিং।
‘অসাধারণ একটা ছবি। ছবিটা আবারও দেখতে চাই।’ লাভিং দেখার অনুভূতি বলছিলেন ফ্রান্সের সাংবাদিক লাতিসিয়া পিনো। লাতিসিয়া একা নন। এই ছবি মুগ্ধ করেছে সারা দুনিয়া থেকে আসা আরও বহু দর্শককে।
শুরুর সপ্তাহে গ্র্যান্ড থিয়েটারের সামনে সিনেমাপ্রেমী দর্শকদের ভিড় থাকে এমনিতেই বেশি। কাল সেই ভিড় যেন ছাড়িয়ে গেল অন্য যেকোনো দিনকেও। পালে দো ফাস্তিভালের পাশে সালে দিবুসিতে কাল দেখানো হয়েছে বু জুনফেংয়ের অ্যাপ্রেনটিস এবং ডেভিড ম্যাকেনজির হ্যাল অর হাই ওয়াটার।
উৎসবের আরেক বড় ঘটনা ছিল হলিউড কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরোর আগমন।
আসছেন পেদ্রো আলমোদোভার: আজ উৎসবের বড় আকর্ষণের মধ্যে থাকছে স্পেনের খ্যাতিমান নির্মাতা পেদ্রো আলমোদোভারের ছবি হুলিয়েতা। স্বামীহারা বিপর্যস্ত এক নারীকে নিয়ে এই ছবি। আলমোদোভারের এই ছবির চিত্রনাট্যের ভিত্তি এলিস মুনরোর গল্প। এ নিয়ে পঞ্চমবারের মতো কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হতে চলেছে বিশ্বনন্দিত এই নির্মাতার ছবি।