আজ বিকেলে ভাস্কর নভেরা'র শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভেরা আহমেদ
নভেরা আহমেদ

দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালেই থেকে গিয়েছিলেন ভাস্কর নভেরা আহমেদ। ২০১৫ সালের মে মাসের ৬ তারিখে ফ্রান্সের রাজধানী প্যারিসে সবার চোখের আড়ালে থেকেই বিদায় নিয়েছেন জীবন থেকেও। জাতীয় জাদুঘরে শিল্পীর প্রথম জীবনের মোট ৪০টি শিল্পকর্ম সংরক্ষিত আছে। নভেরা আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ রাজধানীর জাদুঘরে সেখান থেকে বাছাই করে তাঁর ৩৪টি শিল্পকর্ম নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করেছে জাদুঘর কর্তৃপক্ষ।
নভেরা আহমেদ, বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের অন্যতম পথিকৃৎ। শিল্পীর প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী হয়েছিল ১৯৬০ সালের ৭ আগস্ট, কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে। ‘ইনার গেজ’ শিরোনামের ওই প্রদর্শনীটি কেবল নভেরারই নয়, গোটা পাকিস্তানেই ছিল কোনো ভাস্করের প্রথম একক প্রদর্শনী। তাতে ভাস্কর্য স্থান পেয়েছিল ৭৫ টি। সেই প্রদর্শনীর ৩০টি ভাস্কর্য পরে জাতীয় জাদুঘর সংগ্রহ ও সংরক্ষণ করে।
আজ বুধবার বিকেলে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হচ্ছে ১৩ দিনের এ প্রদর্শনী। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আজ এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আয়োজকেরা। বিকাল সাড়ে ৪টায় এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে জাদুঘরের বোর্ড অব ট্রাস্টির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। স্বাগত বক্তব্য দেবেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান লালা রূখ সেলিম।

আগামী ১৯ অক্টোবর পর্যন্ত এই প্রদর্শনী চলবে।
ভাস্কর নভেরা আহমেদের জন্ম ১৯৩৯ সালের ২৯ মার্চ। তাঁর বাবা সৈয়দ আহমেদ। নভেরা কলকাতার লরেটো স্কুল থেকে প্রবেশিকা পাস করেন। পরবর্তী শিক্ষার জন্য তাঁকে লন্ডনে পাঠানো হয়। পরিবারের ইচ্ছা ছিল, তিনি আইনে উচ্চতর শিক্ষা নেবেন। তবে শৈশব থেকেই শিল্পানুরাগী নভেরার ইচ্ছা ছিল ভাস্কর হওয়ার। তিনি সেখানে সিটি অ্যান্ড গিল্ডস্টোনকার্ভিং ক্লাসে যোগ দেন। পরে ভর্তি হন ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্রাফটসে। সেখান থেকে তিনি পাঁচ বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স করেন। এরপর তিনি ইতালির ফ্লোরেন্স ও ভেনিসে ভাস্কর্য বিষয়ে শিক্ষা নেন।
নভেরা আহমেদ দেশে ফেরেন ১৯৫৬ সালে। সে সময় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ চলছিল। ভাস্কর হামিদুর রহমানের সঙ্গে নভেরা আহমেদ শহীদ মিনারের প্রাথমিক নকশা প্রণয়নের কাজে আত্মনিয়োগ করেন। পরে অজ্ঞাত কারণে শহীদ মিনারের নির্মাতা হিসেবে তাঁর নামটি সরকারি কাগজে বাদ পড়ে যায়।
নভেরার দ্বিতীয় একক প্রদর্শনী হয়েছিল ১৯৭০ সালে, ব্যাংককে। এতে তিনি ধাতব মাধ্যমে কিছু ভাস্কর্য করেন। তাঁর তৃতীয় একক প্রদর্শনী হয় প্যারিসে, ১৯৭৩ সালে রিভগেস গ্যালারিতে। সর্বশেষ ২০১৪ সালে প্যারিসে তাঁর পূর্বাপর কাজের এক শ দিনব্যাপী একটি প্রদর্শনী হয়েছিল।