আজ বিকেলে 'মধু শিকারি'

সুন্দরবনের ছোট্ট ছেলে শনু মধু খুব পছন্দ করে। সুন্দরবন একবার সাইক্লোনে তছনছ হয়ে যায়। ঝড় গেলে আসে দুর্ভিক্ষ। ক্ষুধায় শনু এতই কাতর হয় যে মৌসুম না আসলেও সে মৌচাক থেকে মধু সংগ্রহ করে। শনু তখনো বুঝতে পারেনি এটি তাঁর জন্য কত বড় বিপদ বয়ে আনতে পারে। বনের রাজা দক্ষিণ রায় এবং দেবী বনবিবিও রুষ্ট হয়। ফলে শনুকে পোহাতে হয় অনেক কষ্ট। এ কাহিনি ‘মধু শিকারি’র। কার্তিক নায়ারের লেখা বইটির অলংকরণ করেছেন জোয়েল জোলিভে এবং বইটি বাংলায় অনুবাদ করেছেন শামীম আজাদ। প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। আলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে আজ বইটির প্রকাশনা অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুর সাড়ে ৩টায় ‘মধু শিকারি’ বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবের।
রূপকথার মোড়কে লেখা ‘মধু শিকারি’র এ গল্পে আসলে বলা হয়েছে— প্রকৃতির ছন্দে ব্যাঘাত ঘটালে কত ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে!
এ কাহিনি ছোটদের প্রকৃতিকে বুঝতে ও সম্মান করতে শেখাবে।
শিল্পী জোয়েল জোলিভে বর্ণনার সঙ্গে সামঞ্জস্য রেখে দারুণ সব ছবি এঁকেছেন বইটিতে।
আলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে প্রকাশনা অনুষ্ঠানের পাশাপাশি বটতলা থিয়েটার গ্রুপ ‘মধু শিকারি’ পথ নাটকটি মঞ্চস্থ করবে।