আজ বিদ্যার বিয়ের ‘সংগীত’
বলিউডের অভিনেত্রী বিদ্যা বালানের বিয়ের প্রস্তুতি প্রায় শেষ। আজ ১১ ডিসেম্বর মঙ্গলবার তাঁর ‘সংগীত’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হবু বর সিদ্ধার্থ রয় কাপুর এবং বিদ্যার কাছের কয়েকজন বন্ধু-বান্ধব, সহকর্মী ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে ঘরোয়াভাবে সম্পন্ন হচ্ছে বিদ্যার ‘সংগীত’। বিদ্যার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জিনিউজব্যুরো জানিয়েছে, বিদ্যার বাড়িতে এই ‘সংগীত’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে নাচে-গানে মেতে উঠবেন আমন্ত্রিত অতিথিরা। এরই মধ্যে অনুষ্ঠানে বাজানোর জন্য বিদ্যা অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় গান নির্বাচন করা হয়েছে। স্বজনদের অনুরোধে বিদ্যাও নাচতে রাজি হয়েছেন। ডার্টি পিকচার ছবির তুমুল জনপ্রিয় উ লা লা গানটির সঙ্গে পা মেলাবেন তিনি।অনেক দিন ধরেই প্রেম করছেন ‘ডার্টি পিকচার’ তারকা বিদ্যা বালান এবং ইউটিভি মোশন পিকচার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ রয় কাপুর। শুরু থেকেই তাঁরা প্রেম নিয়ে লুকোচুরি খেলেছেন। পরে বিয়ের দিনক্ষণ নিয়েও তাঁরা মুখে কুলুপ এঁটে থেকেছেন। সবার ভেতর ব্যাপক আগ্রহ থাকা সত্ত্বেও বিয়ের দিনক্ষণ নিয়ে তাঁদের এ লুকোচুরির পেছনের কারণ সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি। তাঁরা কিছু না জানালেও, ১৪ ডিসেম্বর যে তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সে তথ্য ঠিকই বের করে ফেলেছে বলিউড-কেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম।বিদ্যা-সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিদ্যার বাড়িতে। ১৪ ডিসেম্বর তামিল এবং পাঞ্জাবি রীতিতে তাঁরা গাঁটছড়া বাঁধবেন। পরে সিদ্ধার্থের বাড়িতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।