আজ বিবেকের বিয়ে
ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম! সেই প্রেম সাঙ্গ হলে আজ এর সঙ্গে তো কাল ওর সঙ্গে সম্পর্ক, মন দেওয়া-নেওয়া যে কতজনার সঙ্গে হয়েছে তার ইয়ত্তা নেই। সব মিলিয়ে বলিউড তারকা বিবেক ওবেরয় ছন্নছাড়া জীবন যাপন করছিলেন। শেষমেশ থিতু হতে যাচ্ছেন। আজ তাঁর বিয়ে। বেঙ্গালুরুর মেয়ে প্রিয়াঙ্কা আলভাকে বিয়ে করছেন। মা-বাবার পছন্দেই বিয়ে। তবে বিবেকের দাবি, এরই মধ্যে তাঁদের মধ্যে প্রেম চলছে। এক প্রশ্নের জবাবে বিবেক বলেন, ‘প্রথম দর্শনেই ওকে ভালো লেগে যায়। মাত্র ২০ মিনিটের কথা ও পরিচয়ে ভালো লাগা ও ভালোবাসা।’ তিনি জানান, ছোটবেলা থেকেই প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে তাঁর মা-বাবার পরিচয় ছিল। তবে তাঁর ও প্রিয়াঙ্কার মধ্যে পরিচয় ঘটল দিন কয়েক আগে।এদিকে বিয়ের বিশেষ এক কার্ড দিয়ে সবাইকে চমকে দিয়েছেন বিবেক। প্রথমত, কার্ডটি পরিবেশবান্ধব। দ্বিতীয়ত, এটি দেখতে অলংকারের বাক্সের মতো। ভেতরে দুটি অংশ। একটিতে চকলেট, অপরটিতে নিমন্ত্রণপত্র।