চ্যানেল আইতে আজ দুপুরে স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে গানের অনুষ্ঠান ‘ঘরে ঘরে গানের উত্সব’। আজ গান করবেন সাদি মহম্মদ ও নন্দিতা ইয়াসমীন। কথা হলো সাদি মহম্মদের সঙ্গে।আজকের অনুষ্ঠানের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন?কাল বাইশে শ্রাবণ। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের গানই করব। তবে একটা ব্যাপার আমি সবাইকে বলতে চাই, রবীন্দ্রনাথ কিন্তু এখন আর জন্মদিন ও মৃত্যুদিনে আবদ্ধ নেই। কোনো উপলক্ষ করে তাঁর গান করি না। তাঁর গান দিয়ে সকালটা শুরু হয়। আমাদের মনে এক রবীন্দ্রজগত্ তৈরি হয়ে আছে। তিনি আমাদের সঙ্গে আছেন কখনো আনন্দে, কখনো বেদনায়, কখনো সুখে, কখনো দুঃখে, কখনো কান্নায়, কখনো হাসিতে। আজ কোন গানগুলো করবেন?আজকের জন্য কোনো বিভক্তি করব না। সব গান করব। আর বেশি গুরুত্ব দেব শ্রোতাদের। যেহেতু ফোনে শ্রোতাদের অনুরোধ করার একটা সুযোগ থাকে, তাই অনুরোধের গানগুলো গাওয়ার চেষ্টা করব।বাইশে শ্রাবণের জন্য কী অনুষ্ঠান করছেন?কয়েকটি করা হয়েছে—বিটিভিতে যাবে একটি, মাছরাঙা টিভিতে ‘অন্তরে রবীন্দ্রনাথ’, গাজী টিভিতে ‘সমুখে শান্তি পারাবার’, বাংলাভিশনে ‘আমাদের রবীন্দ্রনাথ’। এই সব কটি অনুষ্ঠান আমি উপস্থাপনা করেছি, গান গেয়েছি। আপনার অ্যালবামের কথা বলুন।এবারই প্রথম বেঙ্গল ফাউন্ডেশন থেকে রবীন্দ্রসংগীতের অ্যালবাম করছি। মিউজিক ট্র্যাক হয়ে আছে। আশা করছি, ঈদের পর কণ্ঠ দেব। পঞ্চকবির গান নিয়ে একটি অ্যালবামের কাজ শেষ করেছি। এটা বের করবে কান্ট্রি মিউজিক।