আজ মঞ্চে আসছে ‘গারদখানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মঞ্চে এখন নতুন নাটকের জোয়ার। গত দুই মাসে ১৪টি নতুন নাটক মঞ্চে এসেছে। নাটকগুলো মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত। নতুন নাটকের তালিকায় আজ যুক্ত হচ্ছে আরেকটি নাটক।নাটকের দল ‘ঢাকা মঞ্চ’ আজ সোমবার মঞ্চে আনছে গারদখানা। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মঞ্চে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি ঢাকা মঞ্চের ১৯তম প্রযোজনা।সমকালীন প্রেক্ষাপট ও সামাজিক সমস্যা নিয়ে রচিত গারদখানা। একদল তরুণ-তরুণী নিজেদের মত প্রকাশে ব্যর্থ হয়ে গারদখানার অধিবাসী হতে বাধ্য হয়। একজন লেখক তাঁর উপন্যাস প্রকাশে ব্যর্থ হয়ে আশ্রয় নেন গারদখানায়। অন্যদিকে, লম্পট ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পর তাঁর প্রেমিকাও হয়ে যান পাগলিনী। দেশের প্রচলিত রাজনীতিতে আস্থা হারিয়ে নতুন দল গঠন করতে গিয়ে পাগলে পরিণত হন একজন রাজনীতিবিদ। একজন চলচ্চিত্র পরিচালকও তাঁর সব সিনেমা বাণিজ্যিকভাবে ব্যর্থ হওয়ার পর হয়ে যান পাগল। সবার স্থান পাগলা গারদ। সেখানে ঘটতে থাকে চমকপ্রদ সব ঘটনা।নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন গাজী ফারুক। অভিনয় করেছেন রাহুল রাজু, অনন্যা, উদয়ন বড়ুয়া, গোলাম নবী, রেজাউল রাজু, ইমন হাসান, সোহেল রানা, রত্না সৈয়দ প্রমুখ। সংগীত নির্দেশনা ও কোরিওগ্রাফি করেছেন জামিউর রহমান এবং পোশাক পরিকল্পনা ও রূপসজ্জায় নাজিয়া ফারহা।কবি আল মাহমুদের জন্মদিন আজ সমকালীন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের জন্মদিন আজ সোমবার। জীবনের ৭৫ বছর পূর্ণ করলেন কবি। এ উপলক্ষে তাঁর ৮৮ নম্বর বড় মগবাজারের বাসায় এক প্রীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আল মাহমুদের উপস্থিতিতে ভক্ত-গুণগ্রাহীদের এ সমাবেশে কবি আসাদ চৌধুরী সভাপতিত্ব করবেন।১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ। পড়াশোনা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জর্জ মিক্সথ হাইস্কুলে। পেশাগত জীবনে তিনি দৈনিক গণকণ্ঠ ও দৈনিক কর্ণফুলীর সম্পাদক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক ছিলেন। লোক লোকান্তর, কালের কলস, সোনালি কাবিন তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ। ছোটগল্পকার ও ঔপন্যাসিক হিসেবেও তিনি বিশিষ্ট। তাঁর গল্পগ্রন্থের মধ্যে কয়েকটি হলো পানকৌড়ির রক্ত, গন্ধবণিক, সৌরভের কাছে পরাজিত।চিত্রকর্মে ফুল, নদী নারী ও নিসর্গনানা ঋতুর বিভিন্ন রঙের বৈচিত্র্যময় ফুল। আছে বেশ কিছু নদী ও মনোরম নিসর্গ। আরও আছে বিমূর্ত রীতিতে আঁকা বেশ কিছু চিত্রকর্ম। সবচেয়ে বেশি আছে নারী প্রতিকৃতি। এমন ৫৯টি চিত্রকর্ম নিয়ে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় চলছে শিল্পী লাকী নাসরীনের একক প্রদর্শনী। এটি শিল্পীর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। শিল্পী এসব চিত্রকর্ম এঁকেছেন অ্যাক্রিলিক, তেলরং ও মিশ্রের মাধ্যমে।৮ জুলাই সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক আবদুস সাত্তার।প্রদর্শনী চলবে ১৩ জুলাই পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।