নজরুলজয়ন্তী উপলক্ষে আজ টিভি চ্যানেলে এবং ঢাকার বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। বাংলা একাডেমীর সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে গান করবেন শারমীন সাথী ইসলাম। সন্ধ্যায় দেশ টিভিতে সরাসরি দেখানো হবে ‘আপনার চেয়ে আপন’। এই অনুষ্ঠানেও গান করবেন তিনি। কথা হলো শারমীন সাথী ইসলামের সঙ্গে।আজকের অনুষ্ঠানগুলো নিয়ে কিছু বলুন।দেশ টিভির অনুষ্ঠানে আমার সঙ্গে আরও শিল্পী থাকবেন। এখানে নিজেদের পছন্দের গান করব। আবার দর্শকের অনুরোধ তো থাকবেই। আর বাংলা একাডেমীর অনুষ্ঠানে খুব পছন্দের কয়েকটি গান করার ইচ্ছা আছে।আপনি তো ছায়ানটের শিক্ষক। নজরুলজয়ন্তী উপলক্ষে আজ ছায়ানট কী করছে?আজ চারটি রাগের ওপর নজরুলের তৈরি গান নিয়ে নজরুলজয়ন্তীর অনুষ্ঠান সাজিয়েছে ছায়ানট। রাগগুলো হলো বেহাগ, ছায়ানট, খাম্বাজ ও ভৈরবী। সঙ্গে উচ্চাঙ্গসংগীতের মধ্য দিয়ে প্রতিটি রাগের পরিচয় তুলে ধরা হবে। ছায়ানট সংস্কৃতি-ভবনে এই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সোয়া সাতটায়।ছায়ানট তো গত বছর ‘নজরুল উৎসব’ আয়োজন করেছিল।এবার ১৮ ও ১৯ জুন ছায়ানট সংস্কৃতি-ভবনে এই উৎসব অনুষ্ঠিত হবে। পাশাপাশি এই উৎসবে কবি সুফিয়া কামালের জন্মদিনও উদ্যাপন করা হবে। ছায়ানটের শিল্পীরা তো থাকছেনই, তা ছাড়া সারা দেশ থেকে নজরুলসংগীতের শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে। এরই মধ্যে উৎসব নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গেছে।আপনার নতুন অ্যালবামের খবর কী?আমার দুটি অ্যালবাম বেরিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন থেকে। এবার তৃতীয়টি করার জন্য একই প্রতিষ্ঠান থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। দূর্বাদল চট্টোপাধ্যায় সংগীতায়োজন করবেন। জুলাই মাসে তিনি সময় দিয়েছেন। ওই সময় কলকাতায় নতুন অ্যালবামটির কাজ করব। একই সময়ে কলকাতার তারা টিভিও আমন্ত্রণ জানিয়েছে আজ সকালের আমন্ত্রণে অনুষ্ঠানের জন্য। সেই সঙ্গে আমার কিছু গানও রেকর্ড করে রাখবে।মঞ্চনাটকের জন্য নাকি গান করছেন?হ্যাঁ। নাটকের দল প্রাঙ্গণে মোর রবীন্দ্রনাথের কয়েকটি নাটক মঞ্চস্থ করেছে। এবার দলটি নজরুল সাহিত্য নিয়ে নাটক করছে। নজরুলের গীতিনাট্য আলেয়া অবলম্বনে এই নাটকের নাম দ্রোহ প্রেম নারী। এই নাটকে কয়েকটি গান করব। এর আগে টিভি নাটকে তো অনেক গেয়েছি, তবে এবারই প্রথম মঞ্চনাটকে গান করব।